শেরপুরে সোয়া লাখ টাকার জাল নোট উদ্ধার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা শেরপুরের নকলা উপজেলার চরকইয়া গ্রামে অভিযান চালিয়ে এক লাখ ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।র্যাব-১২-এর জামালপুর-শেরপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. কামাল হোসেন প্রথম আলোকে জানান, র্যাব এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চরকইয়া গ্রামের রজব আলীর ছেলে আমির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা এই অভিযান চালায় বলে তিনি জানান।মো. কামাল হোসেন আরও বলেন, অভিযানে আমির হোসেনের বসতঘর থেকে ৫০০ টাকা মূল্যমানের ২৫০টি নোট উদ্ধার করা হয়।কামাল হোসেন বলেন, এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক মিনহাজ উদ্দিন বাদী হয়ে নকলা থানায় মামলা করেছেন।মিনহাজ উদ্দিন বলেন, অনেক দিন ধরেই আমির হোসেন নকলা উপজেলাসহ শেরপুরের বিভিন্ন স্থানে জাল টাকার ব্যবসা করছিলেন। তাঁর বাড়ি থেকে জাল টাকা তৈরির কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।