শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে গতকাল সোমবার পৃথক তিনটি দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল বিকেল চারটার দিকে শেরপুরের ছোনকা বাজার এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন এক নারী (৫০)। বিকেল পাঁচটার দিকে একই এলাকায় বগুড়াগামী ট্রাকের চাপায় আর এক ব্যক্তি (৪৫) নিহত হন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পর পর দুটি দুর্ঘটনার খবরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ছোনকা বাজার এলাকায় দুটি গতিরোধক স্থাপনের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় গাড়ির টায়ার জ্বালিয়ে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে গতিরোধক দ্রুত নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।এরপর গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে পড়ে এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম প্রথম আলো ডটকমকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।