শেরপুরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার হাজীপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ওই এলাকায় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস একটি সিএনজি-চালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের সহকারী ভেটেরিনারি কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল (৩০), বগুড়া সেনানিবাসের সৈনিক নজরুল ইসলাম (৩৫) এবং বগুড়া শহরের উলিপুর এলাকার রিকশাচালক তোরাব আলী (৪২)।শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন ও মিজানুর রহমান জানান, নিহত তিনজন দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আসাদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান আর অন্য দুজন মারা যান হাসপাতালে নেওয়ার পথে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশাচালক আইয়ুব আলীর অবস্থার অবনতি হলে বেলা একটার দিকে তাঁকে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাসটিকে নিয়ে চালক পালিয়ে গেছে।