শেরপুরে ‘আল্লাহর দল’ এর সাত সদস্য গ্রেপ্তার
শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ আজ বুধবার বিকেলে নিষিদ্ধঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’-এর সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন শেরপুর সদর উপজেলার কসবা এলাকার দেলোয়ার হোসেন (৩৮), তাঁর স্ত্রী রানু বেগম (২৮), দেলোয়ারের চাচাতো বোন পারভীন (২০), কসবা কাচারীপাড়ার আনিসুর রহমান (২৫), তাঁতালপুরের নূর হোসেন (৪৫), একই এলাকার আবু বকর (৫০) ও সদর উপজেলার বয়রা পরানপুর এলাকার মঈনুল (২৮)।শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান প্রথম আলোকে জানান, শেরপুর জেলায় ‘আল্লাহর দল’-এর শতাধিক সদস্য রয়েছে। এদের মধ্যে এখনো ২০-২৫ জন সক্রিয় রয়েছে এবং দুই বছর ধরে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এঁদের কাছ থেকে হাতে লেখা কিছু সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামরা দায়েরের প্রস্তুতি চলছে।এদিকে আটক দেলোয়ার জানিয়েছেন, পাবনার হিরু নামের এক ব্যক্তি তাঁদের দলের নেতা। তিনিই ‘আল্লাহর দল’ নামের সংগঠনটিতে যোগ দিতে তাঁদের উদ্বুদ্ধ করেছেন।