শেরপুরের ঝিনাইগাতিতে ১২১৯টি গুলি উদ্ধার
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার বড় গজনী এলাকা থেকে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে এক হাজার ২১৯টি গুলি উদ্ধার করেছে। এগুলো চায়নিজ রাইফেলের গুলি বলে পুলিশ জানায়। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুলের কাছে অবৈধ অস্ত্র ও গুলি রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সাইফুলকে তাঁর বাড়ি থেকে আটক করে। পরে তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে বড় গজনী এলাকায় অভিযান চালিয়ে একটি কালভার্টের নিচ থেকে ওই পরিমাণ গুলি উদ্ধার করা হয়। গুলিগুলো প্লাস্টিকের বস্তার ভেতরে তিনটি পলিথিনে মোড়ানো ছিল।শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ঝিনাইগাতি থানায় অস্ত্র আইনে মামলা করেছেন। ওই মামলায় সাইফুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি উপজেলার গান্ধীগাঁও গ্রামের বাসিন্দা।