শেরপুরের বাজারে ভেজাল সার ও কীটনাশক: শঙ্কিত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের বাজারে ভেজাল সার ও কীটনাশক ছড়িয়ে পড়ছে। এতে উপজেলার শত শত কৃষক হতাশ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেছে, বিভিন্ন নামীদামি কোম্পানির কীটনাশকের মোড়ক অবিকল নকল করে নকল কীটনাশকের পাত্রে লাগিয়ে বিক্রি হয়েছে। পাশাপাশি বোরো চাষেও নকল টিএসপি ও পটাশ সার ব্যবহারের আশঙ্কা রয়েছে। উপজেলার একাধিক কৃষকের অভিযোগ, শেরপুরের বাজারে ভেজাল সার ও কীটনাশক দীর্ঘদিন ধরে বিক্রি হয়ে এলেও সংশ্লিষ্ট বিভাগ সঠিক কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় অবৈধ ব্যবসায়ীরা নির্ভয়ে তাদের অপরাধ-কর্মকাণ্ড চালিয়ে আসছে। উপজেলার ভবানীপুরের রফিকুল ইসলাম, গাড়িদহের জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক কৃষক জানান, কৃষির ওপর নির্ভরশীল এলাকার শত শত কৃষক বেশ কয়েক বছর ধরে ভেজাল সার ও কীটনাশকের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তা সংশ্লিষ্ট কৃষি বিভাগের নজরে আসেনি। যে করণে চলতি মৌসুমে বোরো ধান, আলু ও সরিষা চাষিরা বিগত বছরের মতো একইভাবে আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছে। তারা দাবি করে, গভীর রাতে শেরপুরে ভেজাল টিএসপি ও পটাশ এবং নকল কীটনাশক ঢুকছে। কম দামে এসব বিক্রি হওয়ায় উপজেলার সহজ-সরল কৃষকেরা তা ভালো মনে করে কিনে প্রতারিত হচ্ছে। উপজেলার বিসিআইসির অনুমোদিত সার ডিলার গগণ বিহারী কুণ্ডু জানান, সরকারি ভর্তুকির আওতায় যাঁরা সার বিক্রেতা রয়েছেন, তাঁদের মধ্যে ভেজাল সার ঢোকার কোনো সুযোগ নেই। তবে সরকারি আওতার বাইরে আমদানি করা টিএসপি, পটাশ ও ড্যাপ শেরপুরের বাজারে এসেছে। এসব সারের বস্তা খুলে ভেজাল ঢুকিয়ে বস্তাগুলো নতুন করে সেলাই করে তা বাজারে কম মূল্যে বিক্রি হচ্ছে বলে তিনি জেনেছেন। কীটনাশক বিক্রেতা দেবু কুণ্ডু জানান, উপজেলার বিভিন্ন হাট-বাজারে নকল কীটনাশক বিক্রি চলে আসছে দীর্ঘদিন ধরে। কম মূল্যে পাওয়ার কারণে কৃষকেরা নকল কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে। উপজেলার পানিসারা গ্রামের কৃষক সন্তোষ সরকার জানান, গত বছর তিনি ভেজাল সার ও কীটনাশকের কারণে চাষে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই গ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের কৃষক। তিনি জানান, বিভিন্ন নামীদামি কোম্পানির মোড়ক, বোতলের কর্ক ও বোতলের মতো একই ধরনের নকল জিনিস নকল কীটনাশকের ক্ষেত্রে ব্যবহূত হয়। পাশাপাশি আসল টিএসপি এবং পটাশ সারের বস্তায় আসল সারের সঙ্গে ইট মিশ্রিত করে বিক্রি হওয়ায় সহজে কৃষকেরা বুঝতে পারে না।উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের শাহিদুল ইসলাম, মাকোরকোলা গ্রামের হায়দার আলী জানান, গত মৌসুমের আমনখেতে বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগ করেও তাঁরা রোগবালাই দমন করতে পারেননি। পরে তাঁরা জানতে পেরেছেন, তাঁদের ব্যবহূত ওষুধ ছিল ভেজাল। ফলে কীটনাশকের সর্বোচ্চ ডোজ প্রয়োগ করেও কোনো কাজ হয়নি। এর প্রভাবে তাঁদের জমির ফলন ব্যাপক হারে কম হয়েছে। তাঁরা জানান, সংশ্লিষ্ট বিভাগ যদি দ্রুত বাজার থেকে নকল সার ও নকল কীটনাশক তুলতে সক্ষম হয়, তাহলে চলতি মৌসুমে কৃষকেরা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে। আলু চাষি আবু সাঈদ জানান, তিনি প্রায় ১৫ বছর ধরে আলু চাষ করেন। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় এ বছর তিনি মাত্র সাড়ে পাঁচ বিঘা জমিতে আলু লাগিয়েছেন। তাঁর মতে, আবহাওয়া স্বাভাবিক থাকলে আলু তোলা পর্যন্ত প্রতি হেক্টর জমিতে কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকার ওষুধ প্রয়োগ করতে হবে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান বলেন, তিনি শেরপুরের কর্মস্থলে যোগদানের পর ওই কমিটির একটি সভা হয়েছে। তবে সভায় শেরপুরে যে নকল কীটনাশক ও ভেজাল সার বিক্রি হচ্ছে তা নিয়ে উপজেলা কৃষি বিভাগ থেকে কোনো বক্তব্য উপস্থাপিত হয়নি।থানা পুলিশ পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম জানান, গভীর রাতে শেরপুরে ভেজাল সার ও নকল কীটনাশক ঢুকছে কি না তা তাঁর জানা নেই। তবে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।উপজেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলী বলেন, কৃষকের মধ্য থেকে শেরপুরে ভেজাল সার ও কীটনাশক বিক্রির সংবাদ তিনি পেয়েছেন। তবে কৃষি বিভাগে কর্মকর্তার কিছুটা সংকট থাকায় তিনি বাজারে কোনো অভিযান পরিচালনা করতে পারেননি। তবে দ্রুত তিনি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।