শেরপুরের মহিলারা ব্যস্ত টুপি তৈরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস ও ঈদুল ফিতরকে ঘিরে বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের টুপি পল্লি গ্রামগুলো এখন সরব হয়ে উঠেছে। সারা দেশে এখানকার টুপি ব্যাপক পরিচিতি লাভ করায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার মহিলারা। অনুসন্ধানে জানা যায়, টুপি তৈরিতে এখন ব্যস্ত ওই ইউনিয়নের ৩০ গ্রামের প্রায় ১০ হাজার মহিলা। সম্প্র্রতি ওই সব গ্রাম ঘুরে দেখা যায়, কেউ গাছের ছায়ায় আবার কেউ বারান্দায় আনন্দমুখর পরিবেশে বসে বুনে চলছে টুপি। উপজেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত চকধূলি, চক কল্যাণী, বিল জয়সাগর, সাতারা আলরাজীসহ মোট ৩০ গ্রামে চলছে টুপি বানানো। এর মধ্যে স্টার, বকুলফুল, কদমফুল, করলা ডিজাইনের টুপি উল্লেখযোগ্য। টুপি তৈরি করতে করতে চকধূলি গ্রামের সালমা খাতুন বলেন, ‘টুপি বুন্যা যে কয় টাকা কামাই করি, তা দিয়া সুঞ্চয় করি। মাঝেমধ্যে সংসারে খরচও করি। প্রতি মাসে কুমপক্ষে ১৫ শ টাকা কামাই করি, এই টুপি বুইন্যা।’ সাতারা গ্রামের আসলাম হোসেন জানান, যেসব গ্রামে টুপি বানানো হয় ওই গ্রামগুলো যোগাযোগের দিক দিয়ে অবহেলিত। এ ছাড়া যাঁরা টুপির সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের কোনো আর্থিক সহযোগিতাও সরকার থেকে দেওয়া হয় না। উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান বলেন, টুপি পল্লিগুলোর সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য তিনি ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন। ব্যাংক ঋণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার গ্রামীণশিল্প গড়ে তোলার জন্য কাজ শুরু করেছে। ঋণ নিতে ইচ্ছুক ব্যক্তিরা সহযোগিতা চাইলে তিনি এগিয়ে যাবেন।