শেরপুরের মির্জাপুর-জোড়গাছা সড়কটির বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের মির্জাপুর থেকে জোরগাছা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ওই সড়ক দিয়ে চলাচলে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে গেছে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এ সড়কে চলাচলকারী অসংখ্য সবজিচাষিকে। সড়ক দিয়ে যাতায়াতকারী একাধিক ব্যক্তি অভিযোগ করেন, সড়কটি নির্মাণের ১০ বছরের মধ্যেও এর কোনো সংস্কার করা হয়নি। ফলে সড়কটির বেশির ভাগ অংশের কার্পেটিং উঠে গেছে। তাঁরা দ্রুত সড়কটি সংস্কারের কথা বলেন। তা না হলে আগামী বর্ষায় সড়কের পুরোটাই নষ্ট হয়ে যাবে।উপজেলা প্রকৌশল অফিস (এলজিইডি) সূত্রে জানা গেছে, মির্জাপুর থেকে জোড়গাছা সড়ক ২০০১ সালে ৬৫ লাখ টাকা ব্যয়ে পাকা করা হয়। সরেজমিনে দেখা গেছে, শুধু সংস্কারের অভাবে ৩ দশমিক ৬৪ কিলোমিটারের এ রাস্তাটির অধিকাংশই কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ওই সড়ক দিয়ে চলাচলকারী ভ্যানচালক আমজাদ হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, ‘সরকডাত ভ্যান চাইলা যে ট্যাকা কামাই করি, তাই দিয়া কুনোমুতে সুংসার চালাই। সরকডা খারাপ হওনের কারণে পেত্যেক দিন ভ্যানডা নষ্ট হয়া যায়। আবার ট্যাকা দিয়া ঠিক করন লাগে। কততো বাপু, কামাই কইরা ভ্যান ঠিক করুম, না ভাত খামু? সুরকারি লুকজন কি সরকডা ভালো করবি না। আমরা কি না-খাইয়া কুষ্ট কইরা থাকমু?’ একই সড়কে নিয়ে ভ্যান মোজদার হোসেন বলেন, সড়কটা খারাপ হওয়ার কারণে এক দিন ভ্যান চালালে পরের দিন ভ্যান চালানোর মতো শক্তি থাকে না শরীরে। সবজিচাষি ইসমাইল হোসেন, ইদ্রিস আলীসহ ওই সড়কের পাশের বিভিন্ন গ্রামের কৃষকেরা জানান, সড়কে অসংখ্য গর্তের কারণে তাঁদের ভ্যানের ওপর সামান্য ফসল তুলে শহরের বাজারে নিতে হয়। যেখানে একটি ভ্যান হলেই যথেষ্ট, সেখানে দুটি ভ্যানে ফসল তুলতে হয়। এতে পরিবহন ভাড়াও বেড়ে যায়।উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম জানান, সড়কটি তৈরির ১০ বছর পার হলেও কোনো সংস্কার না করায় অনেক জায়গা এখন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ সড়ক দিয়ে অসুস্থ রোগীদের শহরের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ব্যবসায়ী আলামিন জানান, মাঝেমধ্যে যানবাহন উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে লোকজন যেমন আহত হয়, তেমনই পরিবহন করা মালামালেরও ক্ষতি হয়। তিনি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, ওই সড়ক দিয়েই উপজেলার সুঘাট ইউনিয়নসহ পার্শ্ববর্তী জেলার ধুনট উপজেলা প্রবেশের সংক্ষিপ্ত সময়ের পথ। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। উপজেলা প্রকৌশলী মো. শামছুজ্জামান জানান, সংস্কারের জন্য ১৪ লাখ টাকার প্রয়োজন। ইতিমধ্যেই অগ্রাধিকার প্রকল্পের টাকায় সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। টাকা বরাদ্দ পাওয়া গেলেই দ্রুত কাজ শুরু করা হবে।