শেরপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন অকেজো
বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল্যবান এক্স-রে মেশিন এক বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এক্স-রে মেশিনটি অকেজো হয়ে পড়ায় লাভবান হচ্ছে স্থানীয় ক্লিনিকগুলো। আর আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হচ্ছেন রোগীরা।সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এক্স-রে মেশিনের দায়িত্বে থাকা মেডিকেল রেডিওলজিস্টের (টেকনোলজিস্ট) কোনো কাজ না থাকায় ঘুরে ফিরছেন স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের এদিক-সেদিক। আর রোগীরা এক্স-রে করাতে না পেরে ফিরে যাচ্ছেন শহরের বেসরকারি ক্লিনিকগুলোয়। এক্স-রে মেশিন বসানো শীততাপ নিয়ন্ত্রিত ঘরটি এখন স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর হিসেবে ব্যবহূত হচ্ছে। সড়ক দুর্ঘটনায় ডান হাত ভাঙা সরোয়ার হোসেন জানান, তিনি গরিব দিনমজুর। বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় তাঁর ডান হাত ভেঙে যায়। হাসপাতালে এসেছিলেন চিকিত্সা নিতে। বাইরে থেকে এক্স-রে করানোর মতো তাঁর টাকা ছিল না। শেষ পর্যন্ত উপজেলার ছোনকা এলাকায় এক কবিরাজের শরণাপন্ন হয়ে চিকিত্সা নিতে হয়েছে। তবে এই কবিরাজি চিকিত্সা নেওয়ার পরও তাঁর ডান হাত ব্যথা করে।সম্প্রতি এক রাতে দুর্ঘটনায় বাঁ পা ভাঙা লোকমান হোসেন জানান, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে এসে দেখেন এখানে এক্স-রে হয় না। শেষ পর্যন্ত তাঁকে শহরের এক ক্লিনিকে চিকিত্সা নিতে হয়। এতে তাঁর বেশি টাকা ব্যয় করতে হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দোকানি মজিবর রহমান ও মো. মাসুদ জানান, শেরপুরের মহাসড়ক এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত অনেকে হাত ও পা ভেঙে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে আসে। কিন্তু এসব রোগীর এখানে এক্স-রের সুযোগ না থাকায় চিকিত্সা নিতে হয় শহরের বিভিন্ন ক্লিনিকে। আবার অপরিচিত রোগীদের যেতে হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।উপজেলার একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে শাহ আলম, জি এম মোস্তফা কামাল, আবদুস সাত্তার, এস এম রাফিউল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিনটি অকেজো হয়ে পড়ে থাকায় এলাকার হাড় ভাঙা রোগীদের আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত রেডিওলজিস্ট সাইফুল ইসলাম জানান, ২০০৯ সালে এই এক্স-রে মেশিন চালু করা হয়। চালুর মাত্র ৩০টি এক্স-রে করার পর মেশিনটি অকেজো হয়ে পড়ে। তাঁর মতে, মেশিনটির ট্রান্সমিটার ও বিদ্যুত্সংযোগ বোর্ডের সমস্যার কারণে এটি অকেজো হয়ে পড়ে রয়েছে। মেশিনটির সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এটি রোগীদের কোনো উপকারে আসছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা রামপদ সূত্রধর জানান, সাধারণ হাড় ভাঙা রোগীরা বাইরে থেকে এক্স-রে করে আনলে তাঁরা চিকিত্সাব্যবস্থা গ্রহণ করে থাকেন। আর হাড় ভাঙা জটিল রোগীদের তাঁরা বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি জানান, মহাসড়কের দুর্ঘটনায় অনেক হাড় ভাঙা রোগী এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে আসেন। এক্স-রের অভাবে অনেক সাধারণ হাড় ভাঙা রোগীও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে হয়। এতে ওই হাসপাতালের রোগীর চাপও বৃদ্ধি পায়। তাঁর মতে, যদি শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি চালুর ব্যবস্থা নেওয়া হয়, তাহলে রোগীরা বেশি উপকার পাবেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এন এম আবদুর রাজ্জাক জানান, তিনি সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবারও অবহিত করবেন।