শেরপুরের ১৭ গ্রামের মানুষ দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার খন্দকার টোলা সড়কটি শুধু সংস্কারের অভাবে দীর্ঘ সাত বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ১৭টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষকে নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই সব গ্রামের কৃষকদের অভিযোগ, সড়ক দিয়ে তাঁরা সহজে উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না। সড়কটি নিয়ে উপজেলা প্রকৌশল (এজিইডি) অফিসে একাধিকবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি।সরেজমিনে দেখা যায়, প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দক সৃষ্টি হয়েছে। ভাঙতে বসেছে সড়কটির অবকাঠামো। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তা জমছে সড়কের ওপরই। এই সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করে পার্শ্ববর্তী টোলা, মামুরশাহী, চকমুকুন্দ, ঘোলাগাড়ী, ঘোলাগাড়ী কলোনি, কানাইকান্দর, বেলতা, ভায়রা, আয়রা, রাজবাড়ী, খোট্টাপাড়া, উচড়ং, কদিমুকুন্দ, বীরগ্রাম, ভাদাসপাড়া, সাধুবাড়ী, পাঁচানা গ্রামের মানুষ।উপজেলার সাধুবাড়ী গ্রামের মো. আইয়ুব জানান, প্রায় ১২ বছর আগে সড়কটি পাকা করা হয়। এরপর আর সংস্কারের ছোঁয়া লাগেনি। ফলে সড়কটির প্রায় চার কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙতে বসেছে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের অবকাঠামো। তিনি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান। ওই সড়কে চলাচল করা অটোরিকশাচালক ফেরদৌস আলম ও ভ্যানচালক ইছাহাক আলী জানান, ভাঙা ও খানাখন্দকে ভরা সড়ক দিয়ে চলাচলের সময় প্রায়ই তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আহত হয়ে অনেককে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়।ঘোলাগাড়ী গ্রামের মো. আবদুুল গোপ্ফার, রাজবাড়ী গ্রামের আবদুুস সামাদ জানান, সড়কটি তাঁদের গ্রামে যোগাযোগের একমাত্র পথ। কিন্তু চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় কৃষকেরা সহজে তাঁদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে পারেন না। এ জন্য তাঁদের বেশি অর্থ ব্যয় করে ফসল বাজারজাত করতে হয়। এই সমস্যা চলে আসছে সাত বছর ধরে। বেলতা গ্রামের হারানচন্দ্র সরকার, খোট্টাপাড়া গ্রামের আনিছুর রহমান, কদিমুকুন্দ গ্রামের সঞ্জিত সরকার জানান, সড়কটি খারাপ হয়ে পড়ায় তাঁদের গ্রামের কেউ অসুস্থ হলে তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া হয়ে ওঠে না। বিশেষ করে প্রসূতি মায়েদের জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়। তাঁরা এই সমস্যার সমাধান দাবি করেন।উপজেলা প্রকৌশলী শামছুজ্জামান জানান, সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে। অনুমোদন পেলেই সংস্কারকাজ করা সম্ভব।উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ ওই সড়কটি সংস্কারের জন্য তিনি শিগগিরই পদক্ষেপ নেবেন।