শেরাটন আজ থেকে ‘রূপসী বাংলা’
শেরাটন হোটেলের নাম আজ থেকে আনুষ্ঠানিকভাবে ‘রূপসী বাংলা’ হয়েছে। গতকাল শুক্রবার রাতে হোটেলটির পরিচালনাকারী শেরাটন ওভারসিজ ম্যানেজমেন্ট করপোরেশনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন কোনো প্রতিষ্ঠান না আসা পর্যন্ত হোটেলটির সরকারি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) পরিচালনায় থাকবে। তবে শেরাটনের যেসব কর্মকর্তা-কর্মচারী হোটেলের ব্যবস্থাপনায় ছিলেন, তাঁরা রূপসী বাংলার দায়িত্বে থাকবেন। আজ শনিবার দুপুরে হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রূপসী বাংলার নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, গত ২৭ বছর শেরাটন কর্তৃপক্ষ হোটেলটির দায়িত্ব পালন করার পর মালিকানায় পরিবর্তন এল। তিনি বলেন, শেরাটন ওভারসিজ ম্যানেজমেন্ট করপোরেশন চুক্তি আর নবায়ন করছে না। এ কারণে অন্য কোনো প্রতিষ্ঠানকে এর পরিচালনার ভার দেওয়া হবে। তিনি আরও জানান, হোটেলটি পরিচালনার জন্য চারটি প্রতিষ্ঠানের নাম প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এগুলো ইন্টারকন্টিনেন্টাল, ম্যারিয়ট, সুইস এবং কেমপিনিসকি। সম্মেলনে হোটেলের মহাব্যবস্থাপক বিপণন যোগাযোগ ব্যবস্থাপক শাহিদুস সাদিক, বিপণন বিভাগের অর্থ নিয়ন্ত্রক মনিরুল ইসলাম ও সহকারী পরিচালক রেজাউল উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শেরাটন দায়িত্ব নেওয়ার আগে ১৯৭৩ থেকে ১৯৮৩ পর্যন্ত এ হোটেলের নাম ছিল ইন্টারকন্টিনেন্টাল।