একজন নারীকে উত্ত্যক্ত করার জের
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গাড়ি ভাঙচুর করেছে
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ শুক্রবার রাতে ইটপাটকেল ছুড়ে বাণিজ্য মেলার প্রধান ফটকের কাছে পার্কিং করা অন্তত অর্ধশত গাড়ি ভাঙচুর করেছে। বাণিজ্য মেলার মাঠে একজন নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ দুজন ছাত্রকে আটক করার খবরে এ ঘটনা ঘটায় ছাত্ররা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ রাতে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রসংলগ্ন বাণিজ্য মেলার মাঠে কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী একজন নারীকে উত্ত্যক্ত করে। এ সময় পুলিশ জসিম উদ্দিন ও মোস্তফা কামাল নামের শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে আটক করে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে শতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতর থেকে বাণিজ্য মেলার ১ নম্বর ফটকের সামনে অবস্থানরত পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। ইটের আঘাতে বাণিজ্য মেলার ১ নম্বর ফটকের কাছে পার্কিং করা অর্ধশত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মেলায় আসা নারী ও পুরুষেরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করে। প্রায় আধঘণ্টা ধরে এ অবস্থা চলার পর পুলিশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়লে ছাত্র ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আ স ম মাহতাবউদ্দিন বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। উত্ত্যক্তের শিকার ওই নারী মামলা দিলে আটক ছাত্র জসিম উদ্দিন ও মোস্তফা কামালের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।