শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজধানীতে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাদাত উল্লা আজ সন্ধ্যায় ফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd), নোটিশ বোর্ড ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে।৩০ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তিনটি অনুষদের ৫০০ আসনের বিপরীতে ১৫ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানিয়ে বলা হয়, মূল মেধা তালিকা থেকে ভর্তি ৯ ও ১০ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হবে ১৩ ডিসেম্বর। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিচ্ছু প্রার্থীদের ১২ ডিসেম্বর বেলা দুইটায় রেজিস্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে এবং একই দিন বিকেল পাঁচটায় অপেক্ষমাণ তালিকা হতে মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভর্তির কাজ শেষে আগামী ২ জানুয়ারি পরিচিতি অনুষ্ঠান এবং পরদিন ৩ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।