শেলের বিরুদ্ধে নাইজেরীয় চাষিদের মামলা
বিশ্বখ্যাত তেল কোম্পানি শেলের বিরুদ্ধে পরিবেশদূষণের অভিযোগ এনে নাইজেরিয়ার কৃষকেরা নেদারল্যান্ডের এক আদালতে মামলা করেছেন।‘দ্য গার্ডিয়ান’-এর এক খবরে বলা হয়, দেশের বাইরের কোনো জায়গায় পরিবেশদূষণের দায়ে এই প্রথমবারের মতো কোনো ডাচ কোম্পানির বিরুদ্ধে নেদারল্যান্ডে মামলা করা হলো। হেগের একটি দায়রা জজের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হবে। তবে রয়্যাল ডাচ শেল কোম্পানির কর্তৃপক্ষ বলছে, মামলার শুনানি নাইজেরিয়াতেই হওয়া উচিত।কৃষকেরা জানিয়েছেন, ২০০৫ সালের জুন মাসে নাইজার ব-দ্বীপের অরুমা অঞ্চলে শেলের একটি তেল সরবরাহের পাইপ ফেটে গেলে সেখানকার অনেক মাছ চাষের পুকুর, কৃষিজমি ও বনভূমি তেলে প্লাবিত হয়ে যায়। মাটির নিচে পাতা দুর্বল কাঠামোর পাইপের মধ্য দিয়ে উচ্চচাপের তেল সরবরাহ করতে গিয়ে এমনটা ঘটেছে বলে দাবি করেছেন কৃষকরা। তাঁরা আরও জানান, ওই ফাটল বন্ধ করতে শেল ১২ দিন সময় নিয়েছে। ইতিমধ্যে ওই অঞ্চলের পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয়। তবে শেলের দাবি, পাইপে ফাটলের কারণ কোন অন্তর্ঘাতী হামলা, কোম্পানির ব্যবস্থাপনা নয়।