সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে হত্যাকাণ্ডে ঘটনায় সর্বশেষ পর্যায়ে অভিযুক্ত যুবক আবদুর রকিবকে (২২) তাঁর বাবা পুলিশে সোপর্দ করেছেন। গতকাল শনিবার রাত প্রায় ১২টায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বাবা আবদুর রশিদ ছেলেকে জালালাবাদ থানার পুলিশের হাতে তুলে দেন।রাতেই জালালাবাদ থানার সামনে বসেই আবদুর রকিবের বাবা কাঁদছিলেন। কান্না সামলে রশিদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘একজনের লাগি গোটা এলাকাবাসীর মহত্ কাম (কাজ) নষ্ট অই যাউক—আমি চাই না। ছেলে দোষ করছে—তাই লোকাছাপা না করি আইনের হাতও তুলি দিলাম...এবলা বিচার অউক (এখন বিচার হোক)।’ জালালাবাদ থানা সূত্র জানায়, গত বৃহস্পতিবার এলাকাবাসীকে অভিযুক্ত নয়জনের তালিকা দেওয়া হয়েছিল। ওই দিনই তাঁরা ছয়জনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বাকি তিনজনকে ধরে দিতে এলাকাবাসী ৭২ ঘণ্টা সময় নিয়েছিলেন। ওই সময়ের মধ্যে তিনজনকে পুলিশে দেওয়া হয়েছিল। গত শুক্রবার আদালতে নৌকার মাঝি গুলজারের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নয়জন ছাড়া আরও একজনের নাম প্রকাশ পায়। চেঙ্গেরখাল এলাকার নলকট গ্রামের ওই যুবকের নাম আবদুর রকিব।কান্দিগাঁও ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নিজামউদ্দিন জানান, সর্বশেষ পর্যায়ে আরও একজনের অভিযুক্ত হওয়ার বিষয়টি জানার পর গত শনিবার থেকে অভিযুক্তদের পরিবারকে বোঝানো হয়। পরে রাত ১২টায় অভিযুক্ত রকিবের বাবা আবদুর রশিদ ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, আবদুর রকিব গ্রেপ্তার হওয়া নয়জনের সঙ্গী ছিলেন। নৌকার মাঝির স্বীকারোক্তি ও গ্রেপ্তার হওয়াদের তথ্য থেকে রকিবকে অভিযুক্ত বলে শনাক্ত করা হয়। আজ রোববার সকালে রকিবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে চেঙ্গেরখালে নৌভ্রমণে গেলে আটজন ছাত্রছাত্রীর ওপর বখাটে-সন্ত্রাসীরা হামলা চালায়। বখাটেদের আক্রমণ থেকে সহপাঠী ছাত্রীদের রক্ষা করতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ অনীক ও খায়রুল কবীর।এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ছাত্রছাত্রীদের বহনকারী নৌকার মাঝিকে গ্রেপ্তার করে। মাঝির দেওয়া তথ্যের ভিত্তিতে হামলাকারী শনাক্ত হলে এলাকাবাসী ১০ জনকে ধরে পুলিশে সোপর্দ করে।