শেষ অস্ত্র প্রয়োগে দ্বিধা করব না: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচন কমিশনের হাতে এখন একটাই অস্ত্র আছে, তা হলো কোনো কেন্দ্রে গোলযোগ হলেই সেখানে নির্বাচন বন্ধ করে দেওয়া। এই শেষ অস্ত্র প্রয়োগে নির্বাচন কমিশন কোনো দ্বিধা করবে না। আর বেশি কেন্দ্রে গোলযোগ হলে পুরো নির্বাচনই বন্ধ করে দেওয়া হতে পারে।’কথাগুলো বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। গত রাতে তিনি প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা হলেও কমিশন সঙ্গে সঙ্গে নির্বাচন বন্ধ করে দেবে।এদিকে সিইসিসহ নির্বাচন কমিশন আজ ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত নিজ কার্যালয়েই অবস্থান করবে বলে জানা গেছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি তা বাতিল করেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা নির্বাচনে দায়িত্ব পালনরত কোনো কর্মকর্তা যেকোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এ ব্যাপারে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হলে অর্থাৎ ব্যালট ছিনতাই, জাল ভোট, ইভিএমের মেশিনে হামলা, নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটলে কমিশন তাৎক্ষণিক কঠোর সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, একটি কেন্দ্রে গোলযোগের জন্য পুরো নির্বাচনও বন্ধ করে দেওয়া হতে পারে।সাখাওয়াত হোসেন বলেন, পুরো নির্বাচন স্থগিত করতে হলে নির্বাচন কমিশনের সংখ্যাগরিষ্ঠের স্বাক্ষর প্রয়োজন হয়। সে জন্য পুরো কমিশন নির্বাচনের পুরো সময় কমিশন সচিবালয়ে থাকবে। এ কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি নারায়ণগঞ্জ যাচ্ছেন না।নির্বাচন কমিশন সময়মতো সেনা মোতায়েনের জন্য সরকারকে চিঠি দিয়েছিল। কিন্তু সরকার কমিশনকে লিখিত বা মৌখিকভাবে কিছুই জানায়নি—এ কথা উল্লেখ করে সাখাওয়াত বলেন, এখন সেনাবাহিনী না পেয়ে র‌্যাবের সংখ্যা বাড়িয়ে নির্বাচন সামাল দিতে হচ্ছে। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিশনের চাহিদা অনুসারে সরকার সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা না করায় গত শুক্রবারই কমিশন নির্বাচন স্থগিত করে দেওয়ার বিষয়ে আলোচনা করে। গতকাল কমিশনের পক্ষ থেকে একজন সাবেক নির্বাচন কমিশনার ও আইনজ্ঞদের সঙ্গে কথা বলা হয়। তবে নির্বাচন বন্ধ না করার পক্ষে বেশির ভাগ মত আসে। বিশেষজ্ঞদের মতে, সরকার সেনাবাহিনী না দিলেও সেখানে সহস্রাধিক সাংবাদিক ও পর্যবেক্ষক থাকবেন। প্রতিটি কেন্দ্রে নিয়মিত পুলিশ, আনসার, বিডিআরের বাইরে অতিরিক্ত প্রায় দেড় হাজার র‌্যাব-সদস্য থাকবেন। তা ছাড়া নির্বাচনে তিন প্রার্থীর শক্তিশালী অবস্থান থাকায় হুট করে কারও পক্ষে গোলযোগ করা কঠিন হবে।