শেষ টেস্টেও প্রথম টেস্টের আবহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরেন্দর শেবাগ কি মিটিমিটি হাসছেন? খালি তিনি বললেই দোষ, এখন যে স্বয়ং বিসিবি সভাপতিই সমালোচনায় মুখর বাংলাদেশ দলের!বাংলাদেশ-ভারত সিরিজটার নিয়তিতেই যেন লেখা ছিল, সিরিজের ম্যাচগুলোর আগে ক্রিকেট নিয়ে যতটা না কথা হবে তার চেয়ে বেশি হবে অন্য কথা। চট্টগ্রামে প্রথম টেস্টের আগে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকে শুরু দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বিসিবি সভাপতির সমালোচনায় বিদ্ধ হলো ক্রিকেটারদের আন্তরিকতা। প্রশ্ন তুললেন তিনি সামর্থ্যের প্রয়োগ নিয়ে।বোর্ড সভাপতির সমালোচনার জবাব বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এর মধ্যেই দিয়ে দিয়েছেন। তবে সাকিবদের কাছে আসল জবাবটা মাঠেই আশা করছে সবাই, সম্ভবত বোর্ড সভাপতি নিজেও। সেই জবাব কতটা দিতে পারবে বাংলাদেশ দল?ইনজুরি থেকে ফিরে দলের দায়িত্ব নেওয়া ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিন্তু উড়িয়ে দিচ্ছেন না সম্ভাবনাটা। বাংলাদেশ যখন টেস্ট খেলছে তার মানে তো তাদের পক্ষে সবই সম্ভব—শেবাগ বা বিসিবি সভাপতি যা-ই বলুন, বাংলাদেশ সম্পর্কে এটাই মূল্যায়ন ধোনির, ‘দল যেমনই হোক, সবাই জয়ের কথা ভাবে, জয়ের জন্য খেলে। হারের জন্য কেউ খেলে না। আমরাও তো অনেক দলের কাছে হারি। তবে এটা টেস্ট ক্রিকেট, পাঁচ দিন ধরে নিয়মিত ভালো খেলে যেতে হবে। বাংলাদেশের জন্য আমাদের হারানোটা হবে বড় একটা চ্যালেঞ্জ। ক্রিকেটে সবকিছুই সম্ভব, তবে টেস্টে আমাদের হারাতে হলে বাংলাদেশকে সত্যিই অনেক ভালো খেলতে হবে।’শেবাগের মতো আত্মম্ভরী তো ননই, ধোনির কাছের লোকেরা বলেন, ভারতের এই অধিনায়ক অনেক বেশি বিচক্ষণ আর কূটনীতিজ্ঞানসম্পন্ন। টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দলের অধিনায়ক হয়েও তাই আক্রমণাত্মক নন শেবাগের মতো। সংবাদ সম্মেলনের পর ড্রেসিংরুমে ফেরার দরজায় ধোনির কাছে এক ভারতীয় সাংবাদিক শেবাগের ওই বক্তব্য নিয়ে জানতে চাইলেও একই কথা বলেছেন ভারত অধিনায়ক, ‘চাইলেই আমি বলে দিতে পারি বাংলাদেশকে তিন দিনে হারিয়ে দেব। কিন্তু সেটা বলে তো দলকেই চাপে ফেলা হবে! আর বাংলাদেশ তাদের দিনে আমাদের সমস্যায় ফেলতেই পারে। বিশ্বকাপেও সেটা আমরা দেখেছি।’মাঠে সামর্থ্যের যতটাই প্রমাণ করা যাক না কেন, এই এক জায়গায় ধোনির সঙ্গে মিল আছে বাংলাদেশের সাকিবের। লক্ষ্যের কথা তো নয়ই, ঢাকা টেস্ট নিয়েও খুব বেশি কিছু বলতে চাইলেন না তিনি, ‘আমার প্রথম টার্গেট প্রথম দিনটা জেতা...প্রথম দিনটাকে নিজেদের করে নেওয়া। পরেরটা পরে...।’ কিন্তু চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্স কি আত্মবিশ্বাসে এক ফোঁটা বাড়তি সঞ্জীবনীও ঢালছে না? সাকিব একটু খুললেন এবার, ‘চট্টগ্রামে কিন্তু আমরা খুব ভালো ব্যাটিং করিনি। বোলিং ভালো হয়েছে, কিন্তু ব্যাটিং আরও অনেক ভালো করা যেত। তারপরও ওই টেস্টে আমরা ভারতকে সমস্যায় ফেলতে পেরেছি। চট্টগ্রামের চেয়ে ভালো খেললে ওর চেয়ে ভালো কিছু করা সম্ভব এখানে।’আকস্মিক কিছু না ঘটলে এই ‘ভালো কিছু’র সন্ধানে আজ বাংলাদেশ দলে একটাই পরিবর্তন। তিন নম্বর ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের জায়গায় ঢাকা টেস্টে সুযোগ পাচ্ছেন জুনায়েদ সিদ্দিক। নিউজিল্যান্ড সফরের আগে জাতীয় লিগের কোনো ম্যাচ খেলতে পারবেন না বলে নাঈম ইসলামকেও কাল টেস্ট স্কোয়াডে নিয়ে এসেছেন নির্বাচকেরা। উদ্দেশ্য দলের সঙ্গে থেকে নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুত হওয়া। ইনজুরি পরিবর্তন আনছে ভারতীয় দলেও। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া পেসার শ্রীশান্ত কাল দেশে ফিরে গেছেন। চট্টগ্রাম টেস্টে ফিল্ডিং করতে গিয়ে হাত ফেটে যাওয়া লক্ষ্মণ এখনো দলের সঙ্গে থাকলেও দ্বিতীয় টেস্টে খেলছেন না। তবে ধোনি ফিরছেন দীনেশ কার্তিকের জায়গা নিয়ে। ফিরছেন অফ স্পিনার হরভজন সিংও।চট্টগ্রামে বাংলাদেশের ভালো খেলার পেছনে কাজ করেছে শেবাগের বক্রোক্তি, বাংলাদেশ ‘অর্ডিনারি’ দল। ঢাকা টেস্টের আগে শেবাগের ভূমিকায় যখন স্বয়ং বিসিবি সভাপতি, সাকিবদের কাছ থেকে এবার মাঠের জবাবটা কী রকম পেতে যাচ্ছেন তিনি?