যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হয়েছেন ৬ মের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন। গতকাল স্থানীয় সময় রাত আটটায় (বাংলাদেশ সময় রাত একটা) রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান এবং প্রথা অনুযায়ী ক্যামেরন তা গ্রহণ করেন। খবর বিবিসি, এএফপি, সিএনএন ও টাইমস অনলাইনের।এর প্রায় এক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সরকার গঠনের দৌড়ে নিশ্চিত পরাজয়ের আভাস পেয়ে পদত্যাগের ঘোষণা দেন। গর্ডন ব্রাউনের পদত্যাগে যুক্তরাজ্যে লেবার দলের ১৩ বছরের শাসনের অবসান ঘটল।৪৩ বছর বয়সী ক্যামেরন হলেন গত প্রায় ২০০ বছরের মধ্যে ব্রিটেনের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন পদত্যাগের ঘোষণার সময় লেবার দলের সভাপতির পদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়ে বলেন, অবিলম্বে তা কার্যকর হবে। ৬ মের নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার পর থেকে পাঁচ দিন ধরে লেবার ও কনজারভেটিভ উভয় দলই সরকার গঠনের জন্য তৃতীয় স্থানে থাকা লিবারেল ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়ার চেষ্টা করছিল। গতকাল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জানা যেতে থাকে লেবার দলের সঙ্গে লিবারেল ডেমোক্র্যাটদের মতৈক্য হচ্ছে না। এদিকে ওয়েস্টমিনস্টারের ক্যাবিনেট অফিসে প্রায় ছয় ঘণ্টা ধরে চূড়ান্ত আলোচনার পর কনজারভেটিভ দল ও লিবারেল ডেমোক্র্যাটরা কোয়ালিশনের ব্যাপারে মতৈক্যে পৌঁছান। স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর (বাংলাদেশ সময় রাত ১২টার কিছু পর) সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। ব্রাউন তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, তিনি রানিকে অনুরোধ করবেন ডেভিড ক্যামেরনকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে। কয়েক মিনিট স্থায়ী বক্তব্যের পরই ব্রাউন সপরিবারে বাকিংহাম প্যালেসে যান রানির কাছে পদত্যাগপত্র পেশ করতে। তিনি সেখানে ১৫ মিনিটের কিছু বেশি সময় থাকেন। ব্রাউন সেখান থেকে যান দলের ভিক্টোরিয়া রোডের সদর দপ্তরে। সেখানে দলের নেতা-কর্মীরা তাঁকে করতালি দিয়ে স্বাগত জানান।এর কিছু আগে ব্রাউনের একজন ঘনিষ্ঠ সহযোগী ঘোষণা দেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার তত্পরতায় হার স্বীকার করে নিতে যাচ্ছেন। প্রায় একই সময় জানা যায়, লিব ডেমরা ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ দলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কয়েক দিনের অচলাবস্থার পর সরকার গঠনের আলোচনায় খুব দ্রুত সিদ্ধান্ত হতে পারে—মঙ্গলবার এমন ধারণাই দিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটস নেতাদের মধ্যে আলোচনা চলার মধ্যে বাংলাদেশ সময় রাত ১০টার দিকে কিছুটা আকস্মিকভাবে স্কাই নিউজ ও বিবিসি জানায়, লেবার পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটদের আলোচনা ব্যর্থ হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে লেবার-লিব ডেম আলোচনা প্রসঙ্গে বিবিসি তখন জানায়, ‘এ আলোচনায় কোনো ফল হবে না।’ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন এর আগে বলেন, ‘এখন সময় এসেছে লিবারেল ডেমোক্র্যাটদের সিদ্ধান্ত নেওয়ার, তারা কাদের সঙ্গে সরকার গঠন করবে।’ লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতারা গতকাল দুপুরেও নিজেদের মধ্যে আলোচনা করেন। গতকাল স্থানীয় সময় দুপুরের পর টানা চতুর্থ দিনের মতো আলোচনায় বসেন কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটস দলের প্রতিনিধিরা। এর আগে সকালে দুই দলের নেতা ক্লেগ ও ক্যামেরন গোপনে দেখা করেন বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া সকালে হাউজ অব কমন্সে লেবার পার্টির প্রতিনিধিদের সঙ্গে লিব ডেম প্রতিনিধিদের বৈঠক হয়।গত সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা গর্ডন ব্রাউন দলনেতার পদ থেকে সরে দাঁড়াবেন—এমন ঘোষণা দেওয়ার পর সরকার গঠন নিয়ে লিব ডেম-লেবার আলোচনা প্রকাশ্যে আসে। নিক ক্লেগের দলকে নিজেদের পক্ষে টানতে নির্বাচনী ব্যবস্থা সংস্কার বিষয়ে আইন করার প্রস্তাব দিয়েছিল গর্ডন ব্রাউনের দল। সকালে লেবার-লিব ডেম বৈঠকের পর গর্ডন ব্রাউনের সরকারের মন্ত্রী এড মিলিব্যান্ড বলেছিলেন, ‘তাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে।’ তবে লেবার পার্টির কয়েকজন সদস্য লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে কোনো চুক্তিতে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দেন। সরকার গঠনের জন্য জোট গড়ার ক্ষেত্রে লিবারেল ডেমোক্র্যাটদের মূল শর্ত ছিল প্রচলিত নির্বাচনী ব্যবস্থার সংস্কার। এছাড়া শিক্ষা ও কর ব্যবস্থার পরিবর্তন ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনার ব্যাপারেও তাদের নিজস্ব অবস্থান রয়েছে। লেবার ও কনজারভেটিভ পার্টির নেতারা নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে নিক ক্লেগের দলকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করেন। গতকাল সকালে ক্যামেরন বলেন, তাঁর দল লিব ডেমদের জন্য ‘খুবই যৌক্তিক’ প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবে তাঁরা দলীয় স্বার্থকে পেছনে রেখে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছেন। ক্যামেরন বলেন, এখন সিদ্ধান্ত গ্রহণের সময়। তিনি বিশ্বাস করেন লিবারেল ডেমোক্র্যাটরা সঠিক সিদ্ধান্ত নেবেন। এদিকে গর্ডন ব্রাউন দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।