শেষ পর্যন্ত বাঁচল না জুলফিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত দিন চিকিত্সাধীন থাকার পর আজ সোমবার সকালে জুলফিকার আলী খন্দকার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।২ অক্টোবর রাত দেড়টার দিকে টেলিভিশনের কয়েকজন সাংবাদিক জুলফিকারকে রক্তাক্ত অবস্থায় মহাখালী থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁকে ভর্তি করা নিয়ে হাসপাতালের চিকিত্সক ও কর্মকর্তাদের সঙ্গে ওই দিন সাংবাদিকদের বাগবিতণ্ডা হয়। সাংবাদিক ও চিকিত্সকেরা পরস্পরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। কয়েক দিন পরে বিষয়টি মীমাংসা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ২ অক্টোবর রাত তিনটার দিকে জুলফিকারকে অজ্ঞান অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপরে তাঁর আর জ্ঞান ফেরেনি। আজ সকাল নয়টার দিকে আইসিইউর চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।জুলফিকারকে উদ্ধারকারী বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির সাংবাদিক মাহমুদ সিরাজ বলেন, তাঁরা ২ অক্টোবর রাত দেড়টার দিকে মহাখালী ফ্লাইওভার ঢালের কাছে বিমানবন্দর সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় জুলফিকারকে পড়ে থাকতে দেখেন। তিনি ও তাঁর সঙ্গে থাকা চিত্রগ্রাহক তখন জুলফিকারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁকে ভর্তি করা নিয়ে চিকিত্সক ও কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বচসা হয়। তাঁর কাঁধে বড় ধরনের জখম ছিল, মাথাতেও আঘাত ছিল।জুলফিকারের চাচাতো ভাই জামান খন্দকার বলেন, পরিবারের ধারণা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে কেউ জুলফিকারকে হত্যার চেষ্টা করে রাস্তায় ফেলে রাখে। তবে আহত হওয়ার পর তাঁর জ্ঞান না ফেরায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।জামান বলেন, জুলফিকারদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। তাঁর বাবার নাম রাজে আলী খন্দকার। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে জুলফিকার ছোট। তিনি কখনো ঢাকার গুলশানের শাহজাদপুরে আত্মীয়দের সঙ্গে আবার কখনো গ্রামের বাড়িতে থাকতেন।