কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্রশিক্ষণশিবির স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার নিরাপত্তাহীনতার কারণে কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন শিবিরের তত্ত্বাবধায়ক মেজর ইলিয়াস। বেলা আড়াইটার দিকে তাঁরা সবাই চলে যান। আগামী সোমবার পর্যন্ত ওই শিবির চলার কথা ছিল।প্রশিক্ষণার্থী ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার রাতে ওই প্রশিক্ষণশিবিরে স্থানীয় বখাটেরা হামলা চালায়। এ সময় একজন সেনাসদস্যকে মারধর ও একটি মাইক্রোবাস, প্রশিক্ষণকক্ষের দরজা, জানালা, বেঞ্চ ভাঙচুর করা হয়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বা বিএনসিসির পক্ষ থেকে মামলা হয়নি। পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও কাউকে আটক করতে পারেনি।গতকাল কলেজের বিএনসিসির কক্ষে এক মতবিনিময় সভায় মেজর ইলিয়াস অভিযোগ করেন, হামলার ঘটনায় কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দায়িত্ববোধের পরিচয় দেয়নি। প্রশিক্ষণরত শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সন্তানকে বুঝিয়ে দিচ্ছি। নিরাপত্তাহীনতার কারণে প্রশিক্ষণ-কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।’ তিনি বলেন, ‘এই মতবিনিময় সভায় আপনাদের সঙ্গে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়া যায় কি না, আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু তারা কেউ আসেনি।’ মেজর ইলিয়াস জানান, এখন তাঁরা নিজেরাই মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।মতবিনিময় সভায় দেবীদ্বার আলহাজ জোবেদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, প্রশিক্ষণার্থীদের অভিভাবক মুরাদনগর প্রেসক্লাবের সহসভাপতি আউয়াল সরকার, ব্যবসায়ী ফজলুল করিম, নারগিস নিগার বক্তব্য দেন। তাঁরা বলেন, কোনো পক্ষ মামলা করতে রাজি না হওয়ায় বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে বখাটে, সন্ত্রাসী ও মাস্তানেরা উৎসাহিত হবে।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ একটি জিডি করেছে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিবতোষ নাথ বলেন, ‘নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের নয়, স্থানীয় প্রশাসনের। চলে যাওয়ার সময় বিএনসিসির কর্মকর্তারা আমাদের জানিয়েছেন।’দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ ভুঁইয়া বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ ও বিএনসিসির কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করেন। এখানে আমার কোনো নিয়ন্ত্রণ নেই।’