শেষ পর্যন্ত বিচার পেয়েছেন
সারা বাড়ি নিস্তব্ধ। বসার ঘরে বইয়ের তাকে থরে থরে সাজানো বই। পাশে রাখা বিভিন্ন ধরনের পুতুল। দেয়ালজুড়ে ছবি। নীরবতা ভেঙে সুফিয়া হোসেন কথা বলে উঠলেন। ‘এগুলো সবই আমার মেয়ের। বই পড়তে খুব পছন্দ করত। পুতুল কেনাও ওর শখ ছিল। তাই তো বড় মেয়ে আমেরিকা থেকে ওকে বারবি পুতুল পাঠিয়েছিল।’ ঘরের কোনায় পড়ে থাকা সিডি প্লেয়ার দেখিয়ে তিনি বললেন, ‘ওটাও সিলভীর (ফারজানা হোসেন)। সালামির টাকা জমিয়ে কিনেছিল। ৫০০ টাকা কম হওয়ায় কিনতে পারছিল না। বাবাকে বলতেই সে দিয়েছিল। এর সবই এখন স্মৃতি। কেউ আর গান শোনে না।’ বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন ফারজানা হোসেনের মা সুফিয়া হোসেন।একটি দুর্ঘটনা এই পরিবারটিকে নীরবতার চাদরে ঢেকে দিয়েছে। ২০০৭ সালের ২৬ অক্টোবর। সকালে ঢাকার মৌচাকে আলাউদ্দিন সুইটমিটের সামনে ফারজানা ও তাঁর বান্ধবী লিজা রিকশায় করে পড়তে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি কাভার্ড ভ্যান এসে ধাক্কা দেয়। এতে তাঁরা রিকশা থেকে পড়ে যান। ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চাপায় ফারজানা মারা যান। সেদিনই ফারজানার খালা বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। দীর্ঘ তিন বছর ধরে চলে ওই মামলা। অবশেষে গত ১৯ সেপ্টেম্বর ওই মামলার রায় হয়। ঢাকার মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায়ে কাভার্ড ভ্যানের চালক নুরুল ইসলামের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।ফারজানার মায়ের সঙ্গে দেখা করতে রামপুরার বাসায় গিয়েছিলাম। তিনি বলতে থাকেন এত দিনের জমে থাকা কষ্টের কথা।‘মনে হয় আমার মেয়েটা এখনই এসে পড়বে। ওকে হারিয়ে সবকিছু তছনছ হয়ে গেছে। স্বপ্ন ভেঙে গেছে। কীভাবে আমি বেঁচে আছি জানি না। এখনো বিশ্বাস হয় না মেয়েটা নেই। সেদিনও বিশ্বাস হচ্ছিল না। রোজার মাস। দিনটি ছিল শুক্রবার। মিরপুরে স্যারের বাসায় যাবে। সকাল সাড়ে আটটার দিকে ওকে ঘুম থেকে তুললাম। রোজা ছিল ও। এরপর গোসল করে নিল। আমাকে বলল, “মা অনেক দিন ফার্মের মুরগি, রুই মাছ খাই না।” বাসায় অলিম্পিয়া পাউরুটি আছে কি না জানতে চাইল। ওটি দিয়ে ইফতার করবে। খুব পছন্দ করত। রান্নাঘর থেকে বললাম, আজ তোমার বাবাকে আনতে বলব। আমি ওকে পাউরুটি আর মাখন কেনার জন্য ওকে ১০০ টাকা দিলাম। ওর বাবা বলল, কুমিল্লার মাখন কিনতে। ছোট্ট একটা টিপ পরল কপালে। বেরোনোর সময় কেন যেন সেদিন অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে ছিল। মেয়েজানতে চাইল, মা বাকরখানি কি ঘরে আছে? দরজায় দাঁড়িয়ে বলছিল, “এত রুটি কার জন্য তৈরি করছ। পরোটা বানাতে পারো না।” উত্তরে বললাম, তোমার আব্বু তো রোজা নেই। রুটি অনেকক্ষণ নরম থাকবে। বাকরখানি আর চা একসঙ্গে খাওয়া মেয়েই আমাকে শিখিয়েছিল। তিন বছর ধরে আর খাই না।’ বলে দীর্ঘশ্বাস ফেললেন। ‘ও বেরিয়েছিল নয়টা বিশের দিকে। খবরটা দিল লিজাই। মৌচাক থেকে লিজাকে রিকশায় নিয়ে ওরা একসঙ্গে পড়তে যেত। পৌনে ১০টার দিকে ফোনটা বেজে উঠল। ও শুধু কাঁদছে। আমি দৌড়ে কিছু টাকা নিয়ে বের হয়ে গেলাম। শুধু ওর বাবাকে বললাম, মেয়ের কোনো দুর্ঘটনা ঘটেছে। একবারও মনে হয়নি যে মেয়েটা আমার বেঁচে নেই। মৌচাকে দেখলাম, লোকজনের জটলা। একজনকে জিজ্ঞেস করতেই বলল, ‘মইরা গেছে।’ এরপর কীভাবে গেলাম, বলতে পারব না। রাস্তায় মুখ থুবড়ে মেয়েটা পড়ে আছে। আমাকে চেহারা দেখতে দিচ্ছিল না। লাশটা চাদরে মুড়িয়ে পুলিশের ভ্যানে ওঠালাম। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ময়নাতদন্তের জন্য চিকিৎসক ছিল না। সারা দিনের অপেক্ষা শেষে বিকেলে লাশ পেলাম। রাতে রাজশাহী ওর নানাবাড়িতে কবর দিলাম।’ বলে আবারও কান্নায় ভেঙে পড়েন ফারজানার মা। ফারজানা হোসেন ঢাকা সিটি কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ‘ওর বান্ধবীরা সবাই এ বছর মাস্টার্স পাস করেছে। আমার মেয়েটাও নিশ্চয় করত। খুব আহ্লাদি ছিল। ওকে ছাড়া ওর বাবার খুব কষ্ট হয়েছিল। আমাদের বড় মেয়ে স্বামীর সঙ্গে থাকে আমেরিকায়। ফারজানার মৃত্যুর সময় আমার নাতনির বয়স ছিল ৪৫ দিন। সে জন্য বোনকে দেখতেও আসতে পারেনি বড় মেয়ে। এভাবে সিলভী ছাড়া দিন কাটছিল। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা পুলিশ সমন নিয়ে আসে আদালত থেকে। ২০০৮ সালের জুলাই মাসে। বলে, “রায়ের তারিখ ধার্য হয়েছে।” এদিকে আমরা তো কিছুই জানি না। পরদিন ওর বাবা গেল আদালতে। আবার আমরা মামলার চার্জশিট করতে বললাম। একজন আইনজীবীকে ঠিক করলাম মামলা পরিচালনার জন্য। জজকোর্টে গিয়ে সব কাগজপত্র দিলাম। তিনি মামলার তারিখ দিলেন। কিন্তু টাকার জন্য বেশ চাপ দিলেন। এভাবে মামলা চলতে থাকল। গত বছর হঠাৎ সিলভীর বাবা হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ল। একদিকে সন্তানের শোক, অন্যদিকে স্বামীর। তুবও সন্তানের হত্যাকারীর বিচারের জন্য পিছপা হলাম না। আইনজীবী তেমন একটা সাহায্য করছিলেন না। তিনি ঠিকমতো মামলাটা পরিচালনা করছিলেন না। তখন আরেকজন আইনজীবীর শরণাপন্ন হই। তিনি উল্টো মোটা অঙ্কের একটা অর্থ চেয়ে বসলেন, যা আমার পক্ষে কোনোভাবেই দেওয়া সম্ভব ছিল না। ধীরে ধীরে আমি হতাশ হয়ে পড়ি। আইনজীবীর সঙ্গে আর যোগাযোগ করি না। ২০০৯ সালের নভেম্বরে মামলার আরেকটি তারিখ পড়ে। জজকোর্টে গেলাম। সেখানে আমাদের আরেকজন আইনজীবী পরিচিত ছিলেন। তিনি বললেন, থানা থেকে মামলা প্রথম যেখানে যায়, ওই অফিসে খোঁজ নিতে। সেখানে গিয়ে জানতে পারলাম, আমার মামলাটি রাষ্ট্রপক্ষের। তাই এর সব দায়ভার রাষ্ট্রের। এ জন্য আমার কোনো খরচ নেই। মামলার নম্বর নিয়ে আবার জজকোর্টে গেলাম। সেখানে তাঁরা বললেন, নতুন তদন্তপত্রের চূড়ান্ত প্রতিবেদন লাগবে। আমি রমনা থানার সেই তদন্ত কর্মকর্তাকে ফোন করি। তিনি আসেন এবং চালক নুরুল ইসলামকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে কতবার যে আদালতে গিয়ে সারা দিন বসে থেকেছি। সবার থেকে আশানুরূপ ব্যবহার পাইনি। তবে আমার বোনের স্বামী, ছেলে, বোন, ভাশুর ও চাচা খুব সাহায্য করেছিলেন। সবাই যেত আমার সঙ্গে। সিলভীর বান্ধবীরা লিজা, মৌরী আর মৌরীর বাবা তো সাক্ষীই ছিলেন এই মামলার। ১৯ সেপ্টেম্বর সকালেই গিয়েছিলাম। আইনজীবীরা বলাবলি করছিলেন, সর্বোচ্চ শাস্তিই পাবে। তবুও রায় না হওয়া পর্যন্ত অস্থির লাগছিল। অবশেষে দুপুর আড়াইটায় মামলার রায় ঘোষণা করা হয়। খুশি আর কষ্ট যেন মিলেমিশে একাকার হয়ে যায়। মেয়ের হত্যাকারীর বিচার হয়েছে। কিন্তু যত দিন না তা কার্যকর হচ্ছে, তত দিন শান্তি পাব না। এত দিন ধরে মামলাটি পরিচালিত হয়েছে, এর মধ্যে মাত্র একদিন আসামিকে দেখতে পেয়েছি। পরে শুনেছি, জামিন পেয়েছে। আমি চাই, আসামিকে তাড়াতাড়ি যেন আটক করা হয়। একা একা আর কষ্ট সহ্য করতে পারছি না। মেয়ের বাবা তো কষ্ট সহ্য করতে না পেরে চলেই গেলেন। কারও সঙ্গে মন খুলে কথা বলতে পারি না। এত কষ্ট বুকে। আমার সুখে ভরা সংসারটা কেমন শূন্য হয়ে গেছে। সব থেকেও কিছুই নেই।’ কথা বলতে বলতে মেয়ের পোশাকে হাত বোলাতে থাকেন। হয়তো সেখানেই মেয়েকে খোঁজেন সুফিয়া হোসেন।