শেষ পর্যন্ত বেঁচে রইলেন দ্বীন ইসলাম
চট্টগ্রাম বন্দরে রাতের পালায় মাল ওঠানো-নামানোর কাজ করছিলেন দ্বীন ইসলাম ও আলমগীর। কাজের ফাঁকে একটু জিরিয়ে নিতে একটি খালি কনটেইনারে শুয়ে পড়েছিলেন তাঁরা। কিছুক্ষণের মধ্যে চোখে নেমে আসে রাজ্যের ঘুম। সেই ঘুমই শেষ পর্যন্ত কালঘুম হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর জেগে উঠে নিকষ অন্ধকার দেখে বুঝতে পারেন, আটকা পড়েছেন তাঁরা। নয় দিন পর সিঙ্গাপুরের একটি বন্দরে যখন কনটেইনারটি খোলা হলো, তখন তাঁর ভেতরে পাওয়া গেল কোনো রকমে বেঁচে থাকা দ্বীন ইসলামকে। পাশে পড়ে ছিল আলমগীরের গলিত লাশ। গতকাল বুধবার সিঙ্গাপুরের বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।সিঙ্গাপুর পুলিশের একজন মুখপাত্র বলেন, দ্বীন ইসলামকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। দ্বীন ইসলাম জানিয়েছেন, তিনি ও আলমগীর চট্টগ্রাম বন্দরে শ্রমিকের কাজ করতেন। গত ১ এপ্রিল রাতের পালায় কনটেইনারের মধ্যে তাঁরা ঘুমিয়ে পড়েন। কনটেইনারটি যে জাহাজে তোলা হবে, তা তাঁরা বুঝতে পারেননি। বাঁচার জন্য তাঁরা কনটেইনারের গায়ে ধাক্কা ও লাথি মেরে বাইরের লোকজনের দৃষ্টি আকর্ষণের আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ শব্দ শুনতে পাননি।সিঙ্গাপুরের জনপ্রিয় ট্যাবলয়েড দ্য নিউ পেপার বলেছে, গত রোববার পাসির পানজাং টার্মিনালে একজন ট্রেইলার (কনটেইনারবাহী ট্রাক) চালক কনটেইনারের ভেতর থেকে এর গায়ে আঘাতের শব্দ শুনতে পান। ভেতরে কিছু আছে সন্দেহ করে তিনি বন্দরকর্মীদের খবর দেন। তাঁরা সেখানে পৌঁছে কনটেইনারের দরজা খোলেন। উৎকট গন্ধে বন্দরকর্মীরা প্রথমে সরে যান। তাঁদের হতবাক করে পচা লাশের পাশ থেকে হামাগুড়ি দিয়ে বের হন দ্বীন ইসলাম। এ সময় তাঁর গায়ে কোনো কাপড় ছিল না। টানা নয় দিন খাবার ও পানি না পেয়ে তাঁর শরীর কঙ্কালসার হয়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়।সিঙ্গাপুরের আলেকজান্দ্রা হাসপাতালের শয্যায় শুয়ে দ্বীন ইসলাম বলেন, তাঁদের সঙ্গে এক প্যাকেট বিড়ি ছাড়া আর কিছুই ছিল না। আটকা পড়ার দু-তিন দিন পরই না খেয়ে মারা যান আলমগীর। তিনি বলেন, ‘প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কী করব কিছুই বুঝতে পারছিলাম না। আল্লাহর কাছে শুধু দোয়া করেছি, যেন একটা অলৌকিক কিছু ঘটে। যাতে প্রাণে বেঁচে যেতে পারি, শুধু সেই দোয়া করেছি।’দ্য নিউ পেপার বলেছে, ওই কনটেইনারটিকে আরেকটি জাহাজে তুলে ভিয়েতনামে পাঠানোর কথা ছিল। সেই অবস্থায় উদ্ধার হন দ্বীন ইসলাম। তবে ওই দুই শ্রমিক বাংলাদেশের কোন এলাকার বাসিন্দা, সে ব্যাপারে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। এএফপি।