শেষ পর্যন্ত শেষ ম্যাচেই মীমাংসা
ভুল সবই ভুল। শিশিরতত্ত্ব ভুল। ভুল টসে জিতে ফিল্ডিং করলেই ম্যাচ জয়—এই সমীকরণও। শিশির নিয়ে গত কয়েক দিনের আলোচনায় মনে হচ্ছিল, দিবারাত্রির ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করাই হলো সব সমস্যার সমাধান। জয়-পরাজয়ের খেলায় শিশির-টিশিরের বাইরে যে ক্রিকেটীয় কিছু ব্যাপারও থাকে, সেটা যেন ভুলেই গিয়েছিল সবাই।ব্যাপারটা কাল মনে করিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। টস জেতার পর অধিনায়ক মুশফিকুর রহিমের বিস্তৃত হাসি আর দর্শকদের হাততালিতে মনে হচ্ছিল, ম্যাচই বুঝি জিতে গেছে বাংলাদেশ! আসলে শিশিরভেজা মাঠে পরে ফিল্ডিং করতে হবে না বলেই টস জয়ের অমন উদ্যাপন। শুকনো বলে উইকেট থেকে দারুণ টার্ন আদায় করে বাংলাদেশের স্পিনাররাও একটু পর পর উৎসব করে গেলেন মাঠে। কিন্তু খেলা শেষে জয়ী দলের নামটা বাংলাদেশ নয়, ওয়েস্ট ইন্ডিজ! তাদের ৭৫ রানের জয়ে সিরিজে এখন ২-২ সমতা। বাংলাদেশের হাত থেকে আরেকটি ম্যাচ কেড়ে নিয়ে আজকের শেষ ম্যাচে সিরিজ জয়ের দাবি নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজও।বাংলাদেশের স্পিন-বিষে নীল হতে হতেও হয়নি। ১০২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পরও ২১১ রানের সংগ্রহ বরং আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের। তা ছাড়া শিশিরতত্ত্ব মানে তো শুধু স্পিনারদের বল গ্রিপ করার সমস্যাই নয়, মাঝেমধ্যে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাও! কেমার রোচের যে বলে তামিম বোল্ড হলেন, শিশিরভেজা উইকেটে পড়ার পর কি গতি একটু বেড়ে গেল না বলটার? এ ছাড়া বোলার স্যামির হাতে এনামুলের ফিরতি ক্যাচ দেওয়া বলের গতি হঠাৎই মন্থর হয়ে গেল উইকেটে পড়ে। ক্যারিবীয় বোলাররাও বোধ হয় বুঝে গিয়েছিলেন, এই উইকেটে কীভাবে বল করতে হবে। লাইন-লেংথে ভুল না করে ভালো জায়গায় বল করে গেছেন। উইকেট দেওয়ার বাকি কাজটা করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।দলের ৩ রানের সময় এনামুলের ওই আউট দিয়ে বিপর্যয়ের শুরু। একটা পর্যায়ে সেটি এমন ভয়ংকর রূপ নিল যে মনে হচ্ছিল বিশ্বকাপের ৫৮ আর ৭৮ রানের দুঃস্মৃতিই বুঝি ফিরে আসছে। ১৩ রানে ৫ উইকেট পড়ার পরও সেটা হয়নি অধিনায়ক ও সহ-অধিনায়কের ষষ্ঠ উইকেট জুটিতে। ৭৪ রানের জুটিতে মুশফিক-মাহমুদউল্লাহ স্বপ্ন দেখাচ্ছিলেন খাদের কিনারা থেকে মাথা তুলে দাঁড়ানোর। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। মাহমুদউল্লাহ পর পর দ্বিতীয় ম্যাচে ফিফটি (৫৬*) করে অপরাজিত থাকলেও অন্য প্রান্তে শুধুই হাহাকার।অথচ সিরিজ জয়ের সম্ভাবনা দিয়েই হয়েছিল শুরুটা। ১০২ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট ফেলে দেওয়ার পর মনে হচ্ছিল, এই সেই কাঙ্ক্ষিত উৎসবের রাত। ক্রিস গেইল আবারও সোহাগ গাজীর ভয়ে খোলসবন্দী। সোহাগের করা ইনিংসের প্রথম ওভারটা তো দিয়ে দিলেন মেডেনই। যা একটু মারতে গেলেন মাশরাফি বিন মুর্তজাকে। অস্থির ব্যাটিংয়ের মাশুলও দিলেন মাশরাফির বলে আউট হয়েই। তবে উইকেট মাশরাফিকে দিলেও সোহাগের জাল থেকে বের হতে পারেননি কালও। মিড অফে গেইলের ক্যাচ পড়েছে তাঁর হাতেই।দলে পেসারদের একমাত্র প্রতিনিধি মাশরাফির অবদান গেইলকে ফেরানো পর্যন্তই। বাদবাকি সব সাফল্যই স্পিনারদের। সোহাগ-সানিরা যে রকম টার্ন পাচ্ছিলেন, মিরপুরের উইকেটে এর আগে তা কমই দেখা গেছে। ক্যারিবীয় ব্যাটসম্যানরা সেই টার্নেই বিভ্রান্ত, উইকেট দিয়ে এলেন একের পর এক। একমাত্র ব্যতিক্রম অধিনায়ক ড্যারেন স্যামি। ১০২ রানে ৬ উইকেট পড়ার পর তাঁর অপরাজিত ৬০ রানই তো জয়ের মঞ্চ গড়ে দিয়েছে দলকে। এরপর বল হাতে ৩ উইকেট। রোচের সঙ্গে মিলে তছনছ করেছেন বাংলাদেশের টপঅর্ডার। অলরাউন্ডার স্যামিই নেতৃত্ব দিলেন জয়ে।ওয়েস্ট ইন্ডিজের উইকেট হারানো আর বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের প্রদর্শনী অবশ্য হয়েছে যুগপৎ। ইনিংসের দশম ওভারে মাশরাফির বলে স্লিপে নাঈমের হাত থেকে স্যামুয়েলসের ক্যাচ ফসকানো দিয়ে শুরু। তবে ক্যাচ পড়ার দুর্ভাগ্যে সবচেয়ে বেশি পুড়তে হয়েছে ইলিয়াস সানিকে। নিজের বলে নিজেই ফেলেছেন স্যামুয়েলস ও পোলার্ডের ক্যাচ। উইকেটের পেছনে মুশফিকও নিতে পারেননি তাঁর বলে ব্রাভোর ব্যাট ছুঁয়ে যাওয়া ক্যাচটা। ব্যক্তিগত ৩০ রানে বেঁচে গেছেন স্যামিও। মাশরাফির বলে এবার ফিল্ডার সোহাগ।ক্যাচ পড়া মানে ম্যাচ হারা। তবে কাল পাঁচ-পাঁচটা ক্যাচ ফেলার পরও জিততে পারত বাংলাদেশ। সেটা না হওয়ার কারণ আর যা-ই হোক, শিশিরতত্ত্ব নয়।ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২১১/৯বাংলাদেশ: ৩৪.১ ওভারে ১৩৬ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭৫ রানে জয়ী