শেষ পর্যন্ত সরেই যেতে হলো লোলিত মোদিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লোলিত মোদিকে। গতকাল রোববার মুম্বাইয়ে আইপিএল ফাইনালের ঠিক পরপরই মোদিকে ‘দখিন দুয়ার’ দেখিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। রোববার রাতে লোলিত মোদির উদ্দেশে ভারতীয় বোর্ড আইপিএলে বিভিন্ন অনিয়মের কারণ জানতে চেয়ে একটি কারণ দর্শাও নোটিশ জারি করে। এই নোটিশের সঙ্গে সঙ্গেই সাঙ্গ হয় আইপিএলের চেয়ারম্যান হিসেবে লোলিত মোদির পথচলা।এদিকে আজ সোমবার বিসিসিআইর কার্যনির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে আইপিএলে মোদির বিভিন্ন কথিত দুর্নীতি নিয়ে আলোচনা করার কথা। লোলিত মোদিরও এ বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আইপিএলের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর মোদির উপস্থিতি কিংবা অনুপস্থিতিতে কিছুই আসবে যাবে না। কারণ, তিনি আর এখন আইপিএলের কেউ নন। অনেকে মনে করছে, মোদি যেন বিসিসিআইর এ বৈঠকে উপস্থিত থেকে নিজের আইপিএল-সংক্রান্ত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি না করতে পারেন, সে জন্য তাড়াহুড়ো করে তাঁকে সরিয়ে দেওয়া হলো। তবে বিসিসিআই জানিয়েছে, লোলিত মোদি পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগেরই জবাব দিতে পারবেন। সেই জবাব হতে পারে লিখিত কিংবা বিসিসিআইর যেকোনো ফোরামে নিজে উপস্থিত থেকে।লোলিত মোদি গত শনিবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে পদত্যাগ না করার প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন, বিসিসিআইর কর্তারা পারলে তাঁকে সরিয়ে দিতে পারেন। কিন্তু তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। এমনকি আইপিএলে নানা রকম অর্থ কেলেঙ্কারিসংক্রান্ত যেসব অভিযোগ উঠেছে, তা সবই মিডিয়া ট্রায়াল হিসেবে অভিহিত করেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড লোলিত মোদিকে ২২ দফার একটি অভিযোগপত্র পাঠিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন। এতে বিভিন্ন অর্থ কেলেঙ্কারিসহ ম্যাচ পাতানোরও অভিযোগ রয়েছে বলে জানা গেছে। ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকেই খ্যাতির সিঁড়ি দিয়ে আরোহণ শুরু হয় লোলিত মোদির। মাত্র দুই বছরের মধ্যে তিনি বিপুল তারকা খ্যাতি পেয়ে যান। কিন্তু খ্যাতিই হয়তো মাথা ঘুরিয়ে দিতে পারে এই রাজস্থানী ব্যবসায়ীর। গত বছর ভারতের নির্বাচনের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইপিএলকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে অপারগ হওয়ার পর তিনি এ আসরকে সরকারি অনুরোধ উপেক্ষা করে নিয়ে যান দক্ষিণ আফ্রিকাতে। তখন থেকেই সরকারের একটা ভ্রুকুটি কাজ করছিল তাঁর বিরুদ্ধে। এবারের তৃতীয় আসর শুরু হওয়ার পর থেকেই একের পর এক আর্থিক কেলেঙ্কারির খবর বেরিয়ে আসতে থাকে আইপিএলকে নিয়ে। এমনকি নতুন একটি ফ্র্যাঞ্চাইজ কোচিকে নিয়ে মোদির সঙ্গে অবৈধ লেনদেনে জড়িয়ে নিজের মন্ত্রিত্ব হারান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর। শশী থারুরের ব্যাপারটি তদন্ত করতেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে ভারতের অর্থসংক্রান্ত অপরাধ দমন সংস্থাগুলোর সামনে। কানাঘুষা শুরু হয়, আইপিএলের আপাত ঝকমারির আড়ালে চলতে থাকা বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন কর্মকাণ্ডের ব্যাপারে। সংস্থাগুলো জানায়, আইপিএলে কালো টাকার খেলা, জুয়া, মানি লন্ডারিং থেকে আয়কর ফাঁকি সবকিছুই ঘটছে এবং ঘটে চলেছে। বিভিন্ন সময়ে বেরিয়ে এসেছে বেশ কয়েকজন ক্রিকেটারেরও ম্যাচ পাতানোতে জড়িত থাকার ব্যাপারটি। এখন সবকিছুরই নাটের গুরু মনে করা হচ্ছে হঠাত্ খ্যাতির চূড়ায় উঠে পড়া লোলিত মোদিকে। তাই শেষ পর্যন্ত চলেই যেত হলো তাঁকে।