শেষ বিকেলে শিবিরের তাণ্ডব, দর্শক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে ধেয়ে আসছে কয়েকশ শিবিরকর্মী। তাদের কিছুটা পেছনে জনা ত্রিশেক পুলিশ। শিবিরকর্মীরা একের পর এক গাড়ি ভাঙছে। আর নিস্ক্রিয় পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে দর্শকের ভূমিকায়।সোনারগাঁ মোড়ে এসে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সার্জেন্টের মাথা ফাটিয়ে দিলো শিবিরকর্মীরা। জ্বালিয়ে দিলো তাঁর মোটরসাইকেল। তবুও দর্শক পুলিশ। শিবিরকর্মীরা চলে যাওয়ার বিশ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি এলো। আহত সার্জেন্ট আজিজুল ইসলামকে নেওয়া হল হাসপাতালের পথে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এমনই ছিলো রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে সোনারগাঁও মোড়ের দৃশ্য। এ সময় ওই এলাকায় রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেন , বিকাল সাড়ে চারটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা ফার্মগেট এলাকায় একটি মিছিল বের করে। সেখানে আওয়ামী লীগ-ছাত্রলীগের কিছু কর্মী প্রতিরোধ করার চেষ্টা করলেও শিবিরের হামলায় তারা চলে যায়। এরপর শিবিরকর্মীরা এগুতে থাকে কারওয়ান বাজারের দিকে। এটিএন নিউজের সামনে থাকা তিনটি মাইক্রোবাস তারা ভাঙচুর করে। এরপর কারওয়ানবাজার প্রজাপতি গুহার (আন্ডারপাস) মুখে এসে রাস্তায় এসে আগুন ধরায় তারা। এরপর সোনারগাঁয়ের মোড়ে থাকা এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয় তারা। ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রাফিক পুলিশের কনস্টেবল হাদিস প্রথম আলো ডট কমকে বলেন, শত শত শিবিরকর্মী ইট-পাটকেল নিয়ে এগিয়ে আসছিলো। আমাদের স্যার আজিজুল ইসলাম সোনারগাঁ মোড়ের ট্রাফিক কার্যালয়ের সামনে ছিলেন। তিনি মিছিল থেকে মোটরসাইকেলটি সরানোর চেষ্টা করছিলেন। কিন্তু শিবিরকর্মীরা তার মাথা ফাটিয়ে দেয়। এরপর তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে।ঘটনাস্থলে থাকা আইনমন্ত্রীর এপিএস আকসির এম চৌধুরীর মাইক্রোবাসটিও (ঢাকা মেট্টো-চ-৫১-৪৪-০৮) ভাঙচুর করা হয়। আকসির চৌধুরী প্রথম আলো ডট কমকে বলেন, ‘মন্ত্রী মহোদয় রুপসী বাংলা হোটেল থেকে একটি অনুষ্ঠান শেষ করে বাংলা মোটর হয়ে ফিরছিলেন। সামনে পুলিশের গাড়ি-এরপর মন্ত্রীর গাড়ি, তারপর আমার গাড়ি ছিলো। আমাদের গাড়িগুলো সার্ক ফোয়ারার মোড়ে এলে উল্টো দিক থেকে শিবির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। মন্ত্রী মহাদয়ের গাড়িটি নিরাপদে গেলেও আমাদের গাড়িটির গ্লাস ভেঙে যায়’।বিকেলের এই তাণ্ডবের কিছুক্ষণ পর সেখানে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, ‘শিবিরকর্মীরা সব জায়গায় তাণ্ডব চালাচ্ছে। এখানেও তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে। গাড়িতে আগুন দিয়েছে’। পুলিশের কি কোন প্রস্তুতি ছিলো না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ছিলো। এ কারণে আগে থেকেই এসব এলাকায় পুলিশ মোতায়েন ছিলো’।