শেষ বিতর্কে জয়ী ওবামা
আগামী ৬ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দুই প্রার্থীর মধ্যে পররাষ্ট্রনীতি বিষয়ে মুখোমুখি বিতর্কে মিট রমনির বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন বারাক ওবামা। তৃতীয় ও শেষ বিতর্কে ওবামা জয়ী হয়েছেন বলে জরিপের ফলাফলে উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ওবামা ও রিপাবলিকান পার্টির প্রার্থী রমনি বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে (স্থানীয় সময় গতকাল রাত নয়টা) তৃতীয় ও শেষ বিতর্কে মুখোমুখি হন।ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাটো এলাকার লিন বিশ্ববিদ্যালয়ে দুই প্রার্থীর ৯০ মিনিটের বিতর্কে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সিবিএসের ‘ফেস অব দ্য নেশন’ অনুষ্ঠানের উপস্থাপক বব সিফার।লাখ লাখ নিরপেক্ষ ভোটারের মন জয় করতে এবং পরস্পরকে ঘায়েল করার জন্য এই বিতর্ক ছিল উভয় প্রার্থীর জন্য শেষ সুযোগ। শুরু থেকে প্রতিদ্বন্দ্বী রমনির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন ওবামা। বিতর্কে গুরুত্ব পায় মধ্যপ্রাচ্য, রাশিয়া, চীন, ইরানের পরমাণু কর্মসূচি, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি প্রভৃতি প্রসঙ্গ। আজ মঙ্গলবার সিবিএস নিউজের এক তাত্ক্ষণিক জরিপে দেখে গেছে, ৫৩ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, বিতর্কে ওবামা জয়ী হয়েছেন। রমনির জয়ের পক্ষে মত দিয়েছেন মাত্র ২৩ শতাংশ নাগরিক। অন্যদিকে সিএনএনের জরিপের ফলাফল বলছে, ৪৮ শতাংশ ভোটার মনে করেন ওবামা জয়ী হয়েছেন। ৪০ শতাংশ মত দিয়েছেন রমনির পক্ষে।মার্কিন পররাষ্ট্রনীতিসংক্রান্ত বিষয়ের ওপর অনুষ্ঠিত এই বিতর্কে কড়া ভাষায় রমনির সমালোচনা করেন ওবামা। বিশ্ব সম্পর্কে রমনির ধারণাকে সেকেলে বলে অভিহিত করেন বর্তমান প্রেসিডেন্ট।জবাবে রমনি বলেন, ‘আমাকে আক্রমণ করা বিতর্কের আলোচ্য বিষয় নয়। আমাকে আক্রমণ করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান বের হবে না।’শেষ মুখোমুখি বিতর্কের আগে প্রকাশিত জনমত জরিপে দুই প্রার্থীই সমান সমর্থন পেয়েছিলেন। এনবিসি ও ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ যৌথভাবে এ জরিপ পরিচালনা করে গত রোববার।রমনি প্রথম বিতর্কে জয়ী হওয়ার পর জনসমর্থনের দিক থেকে ওবামাকে ছাড়িয়ে যেতে শুরু করেন। তবে দ্বিতীয় বিতর্কে জিতে ওবামা সেই গতি কমাতে সক্ষম হন। এই জরিপের ফলাফলে যেন সেটাই উঠে এসেছে।