শেষ বেলায় সারা দেশে হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসের ঘটনায় এবার শেষ বেলায় এসে সারা দেশে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। আজ বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এই ঘোষণা দেন।এর আগে বেলা দুইটার দিকে সংবাদ সম্মেলন করে ঢাকা জেলা ও মহানগরে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তারও আগে বেলা ১১টায় সাভার উপজেলায় হরতাল শিথিল করার ঘোষণা দিয়েছিলেন শামসুজ্জামান।দুপুরে শুধু ঢাকায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর বিএনপির নেতা এম কে আনোয়ারের কাছে প্রশ্ন করা হয়েছিল, ধসে পড়া ভবনের চারটি তলায় পোশাক কারখানা ছিল। সেখানকার বেশির ভাগ কর্মীই ঢাকার বাইরের। এ দুর্ঘটনায় হতাহতদের স্বজনেরা কীভাবে আসবেন? জবাবে এম কে আনোয়ার বলেন, ‘উদ্ধারসংক্রান্ত সব কার্যক্রম হরতালের আওতামুক্ত। আশা করি, কেউ আসতে চাইলে কোনো অসুবিধা হবে না।’ সকালে একবার হরতাল শিথিল করা, এরপর দুপুরে হরতাল প্রত্যাহার করতে এত সময় লাগার কারণ জানতে চাইলে এম কে আনোয়ার বলেছিলেন, সকালে এ ঘটনার ভয়াবহতা জানা ছিল না। এ ছাড়া, এটি ১৮ দলের হরতাল। তাই সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে একটু সময় লেগেছে। দুপুরের সংবাদ সম্মেলনে বিএনপির নেতা এম কে আনোয়ার প্রশ্ন রেখে বলেন, ‘হরতালের দিনেও কেন এত লোককে ওই ভবনে জড়ো করা হয়েছিল? হরতালবিরোধী কার্যক্রমের জন্য কি না, এমন প্রশ্ন আছে।’বিএনপির এই নেতা বলেন, রানা প্লাজার মালিক যুবলীগের নেতা মাসুদ রানা। তিনি অনুমোদন ছাড়াই ওই ভবন নির্মাণ করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি ও হতাহত ব্যক্তিদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি। এম কে আনোয়ার জানান, এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার নেতৃত্বে জোটের একটি প্রতিনিধিদল সাভারের দিকে রওনা হয়েছে। পাশাপাশি তিনি ১৮ দলের জোটভুক্ত নেতা-কর্মীদের উদ্ধারকাজে অংশ নেওয়া ও রক্ত দিয়ে সহায়তা করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।

বিএনপির রক্তদান কর্মসূচি

সাভারের ভবনধসের ঘটনায় আহত লোকজনের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, বিএনপি ও বিএনপি-সমর্থক চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) তত্ত্বাবধানে আজ বিকেল পাঁচটা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এই কর্মসূচি শুরু হয়েছে। তিনি দলের নেতা-কর্মীদের রক্ত দেওয়ার আহ্বান জানান।