শেষ ভরসা বকর ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসে বুয়া আসেনি, আজ মেসে রান্না হবে না, আজ বাজার করা হয়নি—এমন নানা সমস্যায় যখন ছাত্ররা দিশেহারা, ঠিক তখনই সহযোগিতার হাত বাড়ান আবু বকর। ছাত্রদের কাছে তিনি পরিচিত বকর ভাই হিসেবে। ছোবাহান মিয়ার পোল, পশ্চিম কাউনিয়া ও ব্রজমোহন কলেজ, অমৃত লাল দে কলেজসহ মেস-নিবাসী ছাত্রদের খাবারের শেষ ভরসা বকর ভাই। প্রতিদিন কয়েক শ মেস-নিবাসী এখানে ভিড় করে সকাল, দুপুর ও রাতের খাবার গ্রহণ করে।১ আগস্ট রোববার সরেজমিনে দেখা গেছে, ছোবাহান মিয়ার পুল পেরিয়ে সামনে কাউন্সিল নাসির উদ্দিনের কার্যালয়ের পাশে টিনের ঘরের সামনে অনেক লোক জড়ো হয়ে আছেন। স্থানীয় যুবক ফয়সাল আহম্মেদ বলেন, ‘ওটা হচ্ছে বকর ভাইয়ের ভাতের হোটেল। যাঁরা মেসে রান্না করতে পারেন না, তাঁরা সবাই এখানে এসে খান। ভেতরে বসার জায়গা নেই, তাই সবাই বাইরে দাঁড়িয়ে আছেন।’ছাত্র আছে আমি আছি, ছাত্র নাই আমিও নাই: ভাতের হোটেলের মালিক আবু বকর বলেন, ‘কয়েক বছর ধরে আমি বিভিন্ন মেসে খাবার সরবরাহ করতাম। অনেক সময় মেসে খাবার দিতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে। কোনো মেস থেকে মোবাইল, জুতা বা অন্য কিছু চুরি হলে আকার ইঙ্গিতে ছাত্ররা আমাকে দায়ী করত। এক মেসে এক ছাত্র বলেই বসল, যখন চুরি হয়েছে, তখন বকর ভাই আপনি ভাত দিয়ে গেছেন। এসব কারণে মনে কষ্ট পেতাম। সারা দিন রোদ-বৃষ্টি মাথায় করে মেসে মেসে খাবার সরবরাহ করে এই দুর্নাম! তাই দুঃখ, কষ্ট ও ক্ষোভে মেসে খাবার সরবরাহ বন্ধ করে দিই। একপর্যায়ে এই জায়গাটি ভাড়া নিই এবং ছাত্রদের উপকার করার জন্য খুলে দিই ভাতের দোকান। এখন ভালোই আছি। আমার হোটেল চলে ছাত্রদের ওপর নির্ভর করে। ছাত্র আছে, আমি আছি, ছাত্র নাই, আমি নাই। কলেজ বন্ধ থাকলে আমার হোটেলও বন্ধ থাকে।’বাটি সিস্টেমে অতিষ্ঠ: ছাত্রছাত্রীদের খাওয়ার সমস্যা সমাধানের নামে একদল ব্যবসায়ী বাটিপ্রথা চালু করেছেন বরিশালে। এঁরা প্রতি মেসে গিয়ে চুক্তি করে ছাত্রদের খাবার সরবরাহ করেন। ব্রজমোহন কলেজের রসায়ন (সম্মান) চূড়ান্ত পর্বের ছাত্র সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরমেশ কুমার বলেন, ‘বাটিতে যে খাবার সরবরাহ করা হয়, তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং খরচও অনেক বেশি। বাটি সিস্টেমের কারণে আমরা মেসে বুয়া পাই না। গত ১৫ দিন ধরে রান্না করে খেতে হচ্ছে, এটাই সবচেয়ে বড় সমস্যা।