শেষ মল্লযুদ্ধে টেন্ডুলকার-পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আহমেদাবাদের মোতেরায় ক্রিকেটপিপাসুরা নিশ্চয়ই আনন্দ-সানাই বাজিয়েই হাজির হবে। তবে এই আনন্দ-বাদ্যের নেপথ্যে দুজনের অন্তর আজ কেঁপে কেঁপে উঠবে বিদায়ের রাগিণীর এক করুণ সুরে! শচীন টেন্ডুলকার আর রিকি পন্টিং। দুজনের যেকোনো একজনের আজ বিশ্বকাপের শেষ ম্যাচ। শচীন টেন্ডুলকার নাকি রিকি পন্টিং—আজ কাকে অশ্রুসিক্ত বিদায় জানাবে বিশ্বকাপ?না, বিদায়ের ঘোষণা দুজনের কেউই দেননি। তবে বয়স বলছে এই বিশ্বকাপই তাঁদের শেষ। ৩৮ ছুঁইছুঁই টেন্ডুলকার আর ৩৬ বছর বয়সী পন্টিং। দুই গ্রেটই তাই আজ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছেন শেষবারের মতো। তাতে একজন হাসবেন, একজনের চোখ ভিজবে বিদায়ের জলে। আপনি ক্রিকেটপ্রেমী হলে চাইবেন, সেই বিদায়ের গিলোটিন যেন না নেমে আসে টেন্ডুলকারের ওপর। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানটিকে যে তাহলে একটা অতৃপ্তি নিয়েই চলে যেতে হবে। এই দীর্ঘ ক্যারিয়ারে যে একবারও বিশ্বকাপ শিরোপার মুখ তিনি দেখেননি!টেন্ডুলকার এবার খেলছেন ষষ্ঠ বিশ্বকাপ। আর সব ক্ষেত্রের মতো বিশ্বকাপেরও রেকর্ডের পাতায় পাতায় ছড়ানো তাঁর নাম। সর্বোচ্চ রান (২১২২), সর্বোচ্চ সেঞ্চুরি (৬টি), সর্বোচ্চ হাফ সেঞ্চুরি (১৩টি) এমনকি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার (৮ বার) ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। ১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপের সর্বোচ্চ রান-সংগ্রাহকও ছিলেন। এবারও সেরা ছন্দে নাচছে টেন্ডুলকারের ব্যাট। ইতিমধ্যেই দুটি সেঞ্চুরিসহ করেছেন ৩২৪ রান।কিন্তু এই সব প্রাপ্তি শেষ পর্যন্ত শূন্যতার শেল হয়েই হয়তো বিঁধবে তাঁর বুকে, যদি আজন্ম আরাধ্য ট্রফিটা এবারও হাতে তুলতে না পারেন।পন্টিংয়ের এটি পঞ্চম বিশ্বকাপ। টেন্ডুলকারের চেয়ে একটি কম। কিন্তু চারবার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন বলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা তাঁরই (৪৫টি)। বিশ্বকাপেও রান সংগ্রহের দিক থেকে টেন্ডুলকারের পেছনেই পন্টিং। তবে একটা দিক থেকে পন্টিং যোজন যোজন এগিয়ে। চারটি ফাইনালের তিনটিতেই শিরোপা নিয়ে উল্লাসে মেতেছেন। আর টেন্ডুলকার ২০০৩ বিশ্বকাপে একদম নিঃশ্বাস দূরত্বে গিয়েও পারেননি। পারেননি এই পন্টিংয়েরই দুর্দান্ত এক সেঞ্চুরির কারণে।পন্টিং তিন তিনবার বিশ্বকাপ জিতেছেন, দুবারই অধিনায়ক হিসেবে। বলতে পারেন, পন্টিংয়ের শিরোপা-ব্যাকুলতা সর্বোচ্চ মাত্রা ছোঁয়ার কথা নয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। শিরোপার ক্ষুধাটা তাঁরও কম নয়। পন্টিং-যুগে এসেই অস্ট্রেলিয়ার ক্রিকেট-সাম্রাজ্যে পতন। টানা দুটি অ্যাশেজ হার। পন্টিং ঘরে-বাইরে সমালোচিত। বাজে ফর্মের কারণে নরম হয়ে গেছে তাঁর পায়ের তলার মাটিও। অধিনায়কত্ব তো হাতছাড়া হবেই, অস্ট্রেলিয়া শিরোপা পুনরুদ্ধারে ব্যর্থ হলে পন্টিংয়ের ক্যারিয়ার নিয়েও কাটাছেঁড়া শুরু হয়ে যেতে পারে।পরিসংখ্যান অবশ্য পন্টিংয়ের মুখে হাসি ফোটাবে। টেন্ডুলকার-পন্টিং জামানায় অস্ট্রেলিয়া-ভারত বিশ্বকাপে মুখোমুখি হয়েছে চারবার। চারবারই পন্টিংয়ের অস্ট্রেলিয়া জয়ী। আজ শেষ সাক্ষাতে টেন্ডুলকার কি আগের সব হারের প্রতিশোধ নেবেন, নাকি তাঁর কষ্টটা বাড়িয়ে পন্টিংই এগিয়ে যাবেন আরেক ধাপ?