শেষ মুহূর্তে দুই প্রার্থীর ‘আক্রমণাত্মক’ প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচার-প্রচারণা হঠাৎ ‘আক্রমণাত্মক’ হয়ে উঠেছে।ভোটের দিন যত ঘনিয়ে আসছে, প্রতিপক্ষের নিন্দা করে আক্রমণাত্মক প্রচারণাও তত বাড়ছে। গত দুই দিন আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের সমর্থিত প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী এবং তাঁদের লোকজনের প্রচার ও গণসংযোগ পর্যবেক্ষণ করে এই চিত্র দেখা গেছে প্রায় সর্বত্র।আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে শারীরিকভাবে অসুস্থ, দখলবাজ, দাম্ভিক ও নাগরিকদের সঙ্গে খারাপ আচরণকারী হিসেবে আখ্যায়িত করে প্রচার চালাচ্ছে তাঁর প্রতিপক্ষ। এমনকি মহিউদ্দিনের নানা ‘খারাপ কর্মকাণ্ড’-সংবলিত প্রচারপত্রও বিলি করা হচ্ছে।অপরদিকে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সুবিধাভোগী ও সরকারি অর্থ আত্মসাৎকারী আখ্যায়িত করা হচ্ছে প্রতিপক্ষের প্রচারণায়। ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন বিভিন্ন পত্রিকায় মন্জুর সম্পর্কে প্রকাশিত নেতিবাচক খবরের ফটোকপি করে বিলি করা হচ্ছে। স্থানীয় ব্যক্তিরা জানান, কয়েক দিন আগেও এমনটা ছিল না। সব পক্ষ নিজ নিজ ইশতেহার তুলে ধরে ও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গেছেন।বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগ সব সময় জনগণকে বিভ্রান্ত করে সুবিধা নেওয়ার চেষ্টা করে। তাঁরাই বিএনপি-সমর্থিত প্রার্থী সম্পর্কে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন।আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির মহাসচিব এমদাদুল ইসলাম পাল্টা বিএনপিকে দোষারোপ করেন। তিনি বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে বিএনপির নেতারা মহিউদ্দিন চৌধুরী সম্পর্কে অশালীন কথা বলছেন।হঠাৎ করে আক্রমণাত্মক প্রচার-পরিবেশ সৃষ্টির জন্য প্রধান দুই দলের কেন্দ্রীয় নেতাদের দায়ী করছেন উভয় প্রার্থীর নির্বাচনী কৌশল নির্ধারণে যুক্ত স্থানীয় নেতারা। তাঁদের দাবি, বাইরে থেকে আসা নেতারা আক্রমণাত্মক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছেন। শুরু করেন কেন্দ্রীয় নেতারা: গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামে তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মহিউদ্দিন চৌধুরীর সমস্যা হলো, তিনি শারীরিক প্রতিবন্ধী। তিনি কানে শোনেন না, চোখে দেখেন না, ভালোভাবে হাঁটতেও পারেন না। তাই তাঁকে ভোট দিলে নগরের কোনো কাজ হবে না।’ তিনি এর পরও মন্জুরের পক্ষে বিভিন্ন স্থানে প্রচারে নেমে মহিউদ্দিন চৌধুরী সম্পর্কে এমন কটূক্তি করেছেন।এরপর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন সংখ্যালঘু ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ আনেন মহিউদ্দিনের বিরুদ্ধে। আর মন্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী মেয়র হিসেবে মহিউদ্দিনকে পুরোপুরি ব্যর্থ আখ্যায়িত করে প্রচার চালাচ্ছেন।অপরদিকে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারের সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, মন্জুর এক-এগারোর সুবিধাভোগী। মন্জুর আলমকে ‘মৌ লোভী মাছি’ হিসেবে আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, এমন সুবিধাভোগী দিয়ে নগরের উন্নতি হবে না।দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি-সমর্থিত প্রার্থী মন্জুরকে বলেছেন রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎকারী। মন্জুর বিদ্যুৎ ও গ্যাস বিলের টাকা আত্মসাৎ করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও সুরঞ্জিত মন্তব্য করেন।যোগ দিলেন প্রার্থীরাও: শনিবার নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সত্য কখনো চাপা রাখা যায় না। মন্জুর গ্যাস ও পানির বিলের কয়েক লাখ টাকা চুরি করতে চেয়েছিলেন। পরে জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন।’একই দিন মন্জুর আলম সাংবাদিকদের কাছে মহিউদ্দিনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমি কখনো জমি দখল, স্কুল, খেলার মাঠ দখল করব না। তাঁকে আমি নানাভাবে সহযোগিতা করেছি। এটা তাঁর ভুলে যাওয়া উচিত নয়।’জানতে চাইলে একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বেশ কিছু মীমাংসিত বিষয়ে অভিযোগ তুলে উভয় প্রার্থী ভোট টানার কৌশল নিয়েছেন।