শেষ মুহূর্তে মানুষ ছুটছে স্বজনের কাছে
পরিবার ও স্বজনের সঙ্গে ঈদ করার জন্য শেষ মুহূর্তেও মানুষ ছুটছে গ্রামের বাড়িতে। বাসস্ট্যান্ডে ভিড় কম থাকলেও লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে ছিল বিপরীত চিত্র। আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট এলাকা ঘুরে এমনটাই দেখা গেছে। গাবতলী বাসস্ট্যান্ডে ঘরমুখে মানুষের তেমন ভিড় নেই। সময়মতো গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে ফেরি জটের কারণে ওই পথের অনেক গাড়ি গাবতলীতে আটকে আছে।সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫৩টি লঞ্চ গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে দক্ষিণাঞ্চলের বরিশাল, চাঁদপুর, ঝালকাঠি, বরগুনার আমতলী, ভোলা, মনপুরা ও হাতিয়া রুটে নৌযান সংকট দেখা দিয়েছে। অনেককে দেখা গেছে মাঝ নদীতে গিয়ে লঞ্চে উঠতে। বিকেলের দিক থেকে নৌযান সংকট কমতে থাকবে বলে ঢাকা নদীবন্দরের কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন।কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড় রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ ভিড় খানিকটা কম। সকালে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর ছাদে ঝুঁকি নিয়ে যাত্রীদের উঠতে দেখা গেছে।