শেষ মুহূর্তে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা পৌনে দুইটা। রাজধানীর মগবাজারের ব্যস্ত রেলক্রসিং। উত্সুক মানুষের ছুটোছুটি। গেটম্যান লাল নিশান হাতে দাঁড়িয়ে আছেন। কী যেন হয়! না, কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা। শেষ মুহূর্তে রাজশাহী থেকে কমলাপুর স্টেশনগামী সিল্কসিটি ট্রেনটি ক্রসিংয়ের ঠিক কয়েক গজ আগে লাল নিশান দিয়ে থামিয়ে দেন গেটম্যান।গেটম্যান রইসউদ্দিন প্রথম আলোকে বলেন, ওই সময় রেলক্রসিংয়ের দুই দিকেই দীর্ঘ যানজট ছিল। ট্রেন আসার সংকেত পাওয়ার পরই তারা গেট নামিয়ে দেন। কিন্তু মগবাজার মোড়মুখী দুটি প্রাইভেট কার রেললাইনের মাঝখানে ছিল। একটি যানজট ঠেলে লাইন পেরিয়ে যেতে পারলেও একটি গাড়ির চালক দ্বিধাদ্বন্দ্বে ভোগে আরোহীসহ নেমে যান। এ অবস্থায় ট্রেনও আসতে থাকে। প্রত্যক্ষদর্শী আবুল হাসান বলেন, প্রাইভেট কারটি চেষ্টা করলে চলে যেতে পারত। কিন্তু ভয়ে চালক ও আরোহী নেমে যান। পরে পথচারী ও গেটম্যানের পীড়াপীড়িতে প্রাইভেট কারটি সরানোর চেষ্টা শুরু করেন। কিন্তু ট্রেন আসছে দেখে চালক সামনের দিকে না চালিয়ে বায়ে রেললাইনের ওপর দিয়ে যাওয়া শুরু করেন। আবুল হোসেন জানান, ভাগ্য ভালো, ততক্ষণে ট্রেনটি লাল নিশান দিয়ে থামিয়ে দেওয়া হয়। অবশেষে ট্রেন থামিয়ে রেখে প্রাইভেট কারটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। এর ফলে এ সময় আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পথচারী ও অন্য গাড়ির চালক-আরোহীরা অসর্তকতা ও দায়িত্ব জ্ঞানহীনতার জন্য প্রাইভেট কার চালককে ভর্ত্সনা করেন।