শেষ মুহূর্তে হাট জমবে
ছোট-বড়, লাল, কালো, সাদা রঙের এক পাল দেশি-বিদেশি গরু দড়ি বেঁধে নিয়ে যাচ্ছেন শহুরে রাখাল। মাঠে নয়, নিয়ে যাওয়া হচ্ছিল হাটে। রাজপথের এ দৃশ্য বলে দিচ্ছে, রাজধানীর কোরবানির হাট জমতে শুরু করেছে। তবে অন্যবারের তুলনায় এবার গরু আসছে কম। ফলে গতকাল পর্যন্ত দামও ছিল কম, ক্রেতাও কম। অ্যানথ্রাক্স-আতঙ্ক এ জন্য দায়ী বলে মনে করছেন ব্যবসায়ীরা।খোঁজ নিয়ে জানা গেছে, এখন প্রতিদিনই সীমান্ত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রলারে ও ট্রাকে করে গরু, ছাগল, মহিষ, ভেড়াসহ কোরবানির পশু বাজারে আসছে। ব্যবসায়ীরা আশা করছেন, শেষ মুহূর্তে অর্থাৎ আর দুই দিন পরই কেনাবেচা জমে উঠবে।ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্রে জানা গেছে, রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলী ছাড়া এবার নগরে অনুমোদিত হাটের সংখ্যা মোট ১১। এ ছাড়া ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আরও আটটি হাট বসছে ঢাকার আশপাশে। এ নিয়ে ঢাকায় স্থায়ী ও অস্থায়ী মোট হাট হচ্ছে ১৯টি। কাল রোববার থেকে এসব হাট বসার কথা।ডিসিসির কর্মকর্তারা জানিয়েছেন, ১০টি আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে ১০ সদস্যের একটি পরিদর্শক দল গঠন করা হয়েছে। এতে একজন প্রাণী চিকিৎসক, প্রাণী পরিদর্শক ও একজন স্যানিটারি পরিদর্শক থাকবেন। ডিসিসির ভেটেরিনারি সার্জন সুকেশ চন্দ্র বৈদ্য প্রথম আলোকে বলেন, ‘সংক্রমিত পশু যাতে বাজারে ঢুকতে না পারে, আমরা সে ব্যবস্থা করছি। এ ছাড়া অবৈধ হাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবেন। এ জন্য ৪০ শ্রমিক ও দুই প্লাটুন পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।’ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ব্যাপক প্রস্ততিও নিয়েছে ডিসিসি।গত বুধবার থেকে রাজধানীর স্থায়ী ও অস্থায়ী হাট ঘুরে দেখা গেছে, কোনো হাটেই বেচাকেনা শুরু হয়নি। তবে গতকাল ছুটির দিনে শত শত লোক কোরবানির পশু দেখতে ভিড় করেছে। সীমান্ত এলাকা থেকে আসা ব্যবসায়ীরা জানান, অ্যানথ্রাক্স-আতঙ্কের কারণে এবার কোরবানির আগে তিন মাস গরুর কেনাবেচা একেবারেই ছিল না। এ সময় কৃষকের ঘরে অনেক গরুর মজুদ হয়েছে। কোরবানির বাজারে এসব গরু নামবে।উটও আছে: কোরবানির জন্য গরু, ছাগল ছাড়াও শুধু গাবতলী হাটে উটও পাওয়া যাচ্ছে। গতকাল পর্যন্ত গাবতলীতে উট ছিল আটটি। উটের মালিক মোহাম্মদ মোমিন বেপারী জানান, তিনি প্রতিটি উটের দাম চাইছেন চার থেকে পাঁচ লাখ টাকা। তবে হাটের আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ রিপন বলেন, শনিবার আরও উট আসবে, দুম্বাও আসার কথা রয়েছে।গাবতলী হাটের পরিচালক সোহেল হাসিব গত বুধবার জানান, সেখানে গরু, ছাগল, মহিষ, ভেড়া ও উট নিয়ে সর্বমোট পশুর সংখ্যা ৪৫ থেকে ৫০ হাজার। এই সংখ্যা পরের দিন ছয় হাজার বেড়েছে বলে জানান তিনি। তিনি আশা করছেন, শনি-রবিবারের মধ্যে গাবতলীর হাটে এক লাখ পশু আসবে।বড় গরু: রাজধানীর বিভিন্ন হাটের মাঝখানে কিংবা হাটের প্রবেশমুখে কোথাও বাঁয়ে, আবার কোথাও ডান দিকে চালা তৈরি করে এর নিচে সুসজ্জিত করে বিশাল আকৃতির গরুগুলো রাখা হয়েছে। এই গরুগুলোর সবই বিদেশি। কোরবানির ঈদ উপলক্ষে ঢাকার হাটে এসব বিদেশি পশু আনা হয়েছে। ব্রাদার্স ইউনিয়নের মাঠের হাটে ক্রেতাদের সুবিধার জন্য ব্যানার টাঙিয়ে বিক্রেতা নিজের নাম ও মোবাইল নম্বর লিখে রেখেছেন। গাবতলীর হাটে পাকা একতলা টিনশেডের নিচে ধবধবে সাদা বিশাল আকৃতির ২৪টি গরু রাখা হয়েছে। গরুর মালিক মোহাম্মদ ওয়াহাব বলেন, এগুলো পাঞ্জাবি ও হরিয়ানা জাতের। তিনি জানান, সবচেয়ে বড় গরুর উচ্চতা হবে সাত ফুট এবং লম্বা ১৪ ফুট। এই গরুটির ওজন হবে প্রায় ২০ মণ। এর দাম হেঁকেছেন সাড়ে আট লাখ টাকা।আগারগাঁও মাঠে বিক্রেতা আবদুর রহিম তাঁর দেশীয় ষাঁড় গরুটির দাম চেয়েছেন ৯০ হাজার টাকা। পুরান ঢাকার নয়াবাজারের হাটে ফরিদপুর থেকে জামাল মিয়া ৩০টি দেশি গরু এনেছেন। এর মধ্যে সবচেয়ে বড় গরু আছে নয়টি, দাম এক লাখ ৩০ হাজার টাকা। নয়াবাজার ছাড়া অন্য হাটেও এই আকৃতির গরু দেখা গেছে, কোথাও পাঁচটি, কোথাও ১০-১২টি করে। গরুর পাশপাশি বড় ও মাঝারি আকারের মহিষ, খাসি, ভেড়াও রয়েছে।গতকাল হাট ঘুরে দেখা গেছে, ছোট গরু ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা, বড় ও মাঝারি গরু ৪০ হাজার থেকে এক লাখ টাকা চাওয়া হচ্ছে।আরও পশু আসছে: রাজধানীর মৌসুমী গরুর হাটের বিক্রেতারা জানিয়েছেন, এখনো শত শত পশু আসার অপেক্ষায়। ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনাসহ দক্ষিণাঞ্চল থেকে গরুর বেপারীদের একটি বড় অংশ বুড়িগঙ্গা প্রথম সেতু হয়ে পোস্তগোলা থেকে নগরে প্রবেশ করছে। ফরিদপুরের ভাঙ্গা এলাকার বেপারী মো. ইউনুস বলেন, ট্রাকপ্রতি নির্ধারিত টোল দেওয়া হচ্ছে। এর পরও গরুভর্তি ট্রাকের জন্য অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা করে রাখা হচ্ছে। সেতুর টোল আদায়কারীরাই জানান, প্রতিদিন এখন এই সেতু দিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ৭০০ থেকে ৮০০ ট্রাক অতিক্রম করছে।সীমান্তে সরেজমিন: রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে এখন শত শত ‘ভটভটি’ আসছে শহরের দিকে। ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে এখন গরু পরিবহনের কাজে ব্যবহূত হচ্ছে ভটভটি। পদ্মার ধারে গেলেই দেখা যাবে, নদী সাঁতরে অথবা নৌকা থেকে নামানো হচ্ছে গরুর পাল। সবারই যাত্রা নগরের সিটি হাটের দিকে। কোরবানি উপলক্ষে এই হাটকে এখন প্রতিদিনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সিটি হাট ছাড়াও রাজশাহীর বিভিন্ন উপজেলা সদরের পশুহাটগুলোও জমে উঠেছে। এই হাটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোদাগাড়ী মহিষালবাড়ী হাট ও কাকনহাট, পুঠিয়া উপজেলার বানেশ্বর পশুহাট, বাঘার চণ্ডীপুর ও রুস্তমপুর পশুহাট, পবার নওহাটা ও কাটাখালী পশুহাট, মোহনপুরের কেশরহাট ও বাগমারার মচমইল হাট।সীমান্তের ব্যবসায়ীরা জানান, অ্যানথ্রাক্স-আতঙ্কে কৃষকের বাড়িতে অনেক পোষা গরু অবিক্রিত ছিল। সেই গরুই এখন বাজারে বেশি আসছে। তাঁরা জানান, প্রথমদিকে হাট তেমন জমেনি। ধীরে ধীরে মানুষের মধ্য থেকে অ্যানথ্রাক্স-আতঙ্ক দূর হয়ে যাওয়ায় হাটে ভিড় বাড়ছে। এবার বড় গরুর ক্রেতা খুব কম। মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। মাঝারি আকারের দেশি গরু ২৫ থেকে ৩০ হাজার টাকায় সীমান্তে বিক্রি হচ্ছে। ঢাকায় আনতে গরুপ্রতি দুই-তিন হাজার টাকা খরচ বেশি হয়।