শেষ মুহূর্তেও কয়েক শ ট্রাক-বাস আটকা দুর্ভোগে যাত্রীরা
শেষ মুহূর্তের হাট ধরতে এখনো ছুটে চলছে শত শত পশুবাহী ট্রাক। একই সঙ্গে রাজধানী থেকে যাত্রী আনতে ঘাটে এসে ভিড় জমাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী ও খালি বাস। এতে গতকাল বুধবারও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বুধবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে আসেন। এ সময় কয়েক শ পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে থাকতে দেখা যায়। আর নদী পাড়ি দিয়ে পাটুরিয়া আসা ঘরমুখী মানুষকে নির্দিষ্ট পরিবহন না পেয়ে পড়তে হয় বাড়তি ভোগান্তিতে। বরিশালের উজিরপুর থেকে একে ট্রাভেলসে করে রওনা দেন হামিদুল ইসলাম। তাঁকে বুধবারই ঢাকায় পৌঁছাতে হবে এবং রাতেই ফিরতে হবে। কিন্তু গভীর রাতে তাঁদের গাড়িটি ঘাটে পৌঁছালেও কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে গরুবাহী ট্রাক আগে পার করায় বাসটি ফেরি পেতে সকাল হয়ে যায়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১০টির স্থলে ১৩টি ফেরি চললেও এখনো অনেক পশুবাহী ট্রাক সারিবদ্ধভাবে অপেক্ষায় আছে নদী পাড়ি দিতে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসার সময় পশুবাহী ট্রাক থেকে বিভিন্ন শ্রমিকসংগঠন ও রাতে সড়কে থাকা পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। সাতক্ষীরার ভাতশালা থেকে সোমবার গরুবোঝাই করে ট্রাকচালক কাওছার মণ্ডল রাত ১১টায় ঘাটে যানজটে আটকা পড়েন। মঙ্গলবার আলাপকালে তিনি জানান, সাতক্ষীরার ভাতশালা পুলিশ ক্যাম্প থেকে একটু দূরে রাতে পাহারারত পুলিশকে ১০০ টাকা, তার চার-পাঁচ কিলোমিটার দূরে গিয়ে সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যৌথ শ্রমিক কল্যাণ আদায় বাবদ ২০০ টাকা, আরও দুই কিলোমিটার দূরে স্থানীয় শ্রমিক ইউনিয়নের নামে ১০০ টাকা, যশোর জেলা মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের নামে ২০ টাকা, মাগুরা জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নামে ২০ টাকা দিতে হয়। এ ছাড়া পুলিশকে মাসিক ভিত্তিতে মাগুরায় ২০০ টাকা, ফরিদপুর মোড়ে ২০০ টাকা, গোয়ালন্দ মোড় এলাকায় ২০০ টাকা করে দিতে হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ঘাট পরিদর্শনকালে সেখানে উপস্থিত জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে ঘাটে এ ধরনের ঘটনা ঘটে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ১০টি ফেরির সঙ্গে রোববার দুটি রোরো ও মঙ্গলবার আরও একটি রোরো ফেরি যোগ হয়েছে।