শেষ মুহূর্তেও গাদ্দাফিকে অস্ত্র বিক্রির প্রস্তাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধের শেষ মুহূর্তেও তাঁর সরকারের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বিক্রির প্রস্তাব দিয়েছিল চীনের রাষ্ট্রীয় একাধিক কোম্পানি। এ প্রস্তাব স্পষ্টই লিবিয়ার ওপর জাতিসংঘের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করে। লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী কাউন্সিলের (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল—এনটিসি) কর্মকর্তারা গাদ্দাফি সরকারের নথিপত্রের বরাত দিয়ে গতকাল রোববার এ কথা জানান।কানাডার গ্লোব অ্যান্ড মেইল পত্রিকার সাংবাদিক গ্র্যাম স্মিথ ত্রিপোলির বাব আক্কারা এলাকার একটি আবর্জনা স্তূপ থেকে ওই নথি উদ্ধার করেন। এলাকাটিতে গাদ্দাফি সরকারের অনেক কর্মকর্তা থাকতেন। এনটিসির কর্মকর্তারা ওই নথিকে বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছেন।কানাডীয় পত্রিকার ওয়েবসাইটে গতকাল আরবি ভাষায় প্রকাশিত একটি স্মারকসহ ওই নথিতে গত ১৬ জুলাই লিবীয় নিরাপত্তা কর্মকর্তাদের বেইজিং সফরের বিস্তারিত বর্ণনা রয়েছে। এতে বলা হয়েছে, চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত অস্ত্র কোম্পানিগুলো ২০ কোটি ডলার মূল্যের রকেট লঞ্চার, ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ বিক্রির প্রস্তাব দিয়েছিল।চীনা কোম্পানিগুলো প্রস্তাবে বলেছে, আলজেরিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো তৃতীয় একটি দেশের মাধ্যমে লিবিয়াকে ওই অস্ত্রগুলো সরবরাহ করা হবে। চীনসহ ওই সব দেশ লিবিয়ায় জাতিসংঘের অনুমোদিত ন্যাটোর সামরিক অভিযানের বিরোধিতা করেছিল। তবে এর আগে তারা লিবিয়ার ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞাকে সমর্থন করেছিল।বিদ্রোহীদের মুখপাত্র আবদুল রহমান বুসিন গতকাল এক সাক্ষাত্কারে বলেন, অন্তর্বর্তী সরকার যথাযথ আন্তর্জাতিক মাধ্যমে এ ব্যাপারে জবাবদিহি চাইবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা এ ধরনের কোনো প্রস্তাবের কথা জানে না। ব্রাসেলসে ন্যাটোর ঊর্ধ্বতন এক কূটনীতিকও একই কথা জানান। দ্য নিউইয়র্ক টাইমস।