শেষ ম্যাচে স্যামিদের জয়ের তৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলটা হাতেই রেখে দিয়ে হাওয়ায় বল করার ভঙ্গি করে তামিম ইকবালকে বোকা বানাতে চাইলেন ক্রিস গেইল। বোকা না বনে তামিম দিলেন পাল্টা জবাব। ডাউন দ্য উইকেটে এসে হাওয়ায় যেভাবে ব্যাট চালালেন, বলটা করলে নিশ্চিত ছক্কা খেতেন গেইল।হাওয়াই ক্রিকেটে তামিম হারেননি। বরং কয়েক সেকেন্ডের খণ্ড চিত্রেই জানিয়ে দিতে পারলেন, বাংলাদেশকে নিয়ে ছেলেখেলার দিন শেষ। ১৯৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা ১৮ রানে জিততে পারে, কিন্তু সেটা ওয়ানডে সিরিজে শোনা বাঘের গর্জনকে কোনোভাবেই ম্রিয়মাণ করতে পারছে না। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াকু হার আর তামিম-মাহমুদউল্লাহর ব্যাটিং জানিয়ে দিচ্ছে, প্রতিদিন মরণ কামড় বসাতে না পারলেও বড় প্রতিপক্ষের ঘাড়ে এখন নিয়মিতই নিঃশ্বাস ফেলতে পারে বাংলাদেশ দল।টি-টোয়েন্টিতে ১৯৮ রানের লক্ষ্য অনেক বড়। বাংলাদেশের জন্য তো ২০ ওভারের ক্রিকেটেই এটা ছিল দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য। কিন্তু দুই ওপেনার তামিম-এনামুলের দুর্দান্ত ব্যাটিংয়ে শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হাজার বিশেক দর্শকের মনে জয়ের আশা দুলতে শুরু করল ইনিংসের শুরু থেকেই। কেমার রোচের বলে ড্যারেন স্যামির হাতে ক্যাচ দেওয়ার আগেই মাত্র ৪.১ ওভারে তামিমের সঙ্গে ৪৭ রানের জুটি হয়ে গেল এনামুলের। ১২ বলে ২২ রানের মধ্যে বাউন্ডারি তিনটা, ছক্কা একটা। ছক্কাটিসহ এনামুল একটা বাউন্ডারি মেরেছেন স্যামির করা ইনিংসের প্রথম ওভারেই। এর আগে দ্বিতীয় বলেই মারা তামিমের বাউন্ডারিটিসহ প্রথম ওভারে রান এল ১৭।এনামুলের আউটের পর ঝড় তো থামেইনি, তিন নম্বরে নেমে মাহমুদউল্লাহ সেটা আরও বেগবান করলেন। তামিম-মাহমুদউল্লাহর দ্বিতীয় উইকেট জুটি অবিচ্ছিন্ন থাকল শেষ পর্যন্ত। ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য ৩৭ রানের অসম্ভব লক্ষ্য থাকলেও লড়াই থামাননি এই সিরিজেই নিজেকে নতুন করে চেনানো মাহমুদউল্লাহ। দলকে জেতাতে না পারলেও রোচের ওই ওভারে দুই ছক্কা আর এক বাউন্ডারি মেরে দর্শকদের শেষ বিনোদনটাও দিলেন বাংলাদেশ সহ-অধিনায়ক।বিনোদনের ক্রিকেটে বিনোদিত করার কাজটা সবচেয়ে ভালো করলেন অবশ্য তামিম। ৬১ বলে অপরাজিত ৮৮ রানে সেঞ্চুরির অতৃপ্তি মিশে থাকতে পারে। তবে হাওয়াই ক্রিকেটে গেইলকে পাল্টা জবাব দেওয়ার সঙ্গে তামিমের ব্যাট থেকে এল বিদ্যুৎ ঝলকানো সব শট। যার ১০টাই বাউন্ডারি, ছক্কা দুটি। দ্বিতীয় উইকেটে ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে তামিম-মাহমুদউল্লাহ শুধু ওয়েস্ট ইন্ডিজকে চোখই রাঙাননি, টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো উইকেটে বাংলাদেশের পক্ষে গড়েছেন সর্বোচ্চ জুটিও। আগের সর্বোচ্চ জুটিটাও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০৯ রানের সেই জুটিতে ব্যাটসম্যান ছিলেন আশরাফুল ও আফতাব।শেষটা জয় দিয়ে হলেও ক্রিস গেইলের জন্য এবারের বাংলাদেশ সফর কেবলই হতাশার। দুই টেস্টের চার ইনিংস, পাঁচ ওয়ানডে আর এক টি-টোয়েন্টিতে তাঁর সর্বোচ্চ খুলনার প্রথম ওয়ানডেতে করা ৩৫ রান। গেইল নামের প্রতি এটা সুবিচার নয় মোটেও। বাংলাদেশে এসে নিজের কাছে নিজেকেই হয়তো অচেনা লেগেছে তাঁর। তবে গেইলের ঠিক উল্টো ভাগ্য নিয়ে বাংলাদেশে এসেছিলেন মারলন স্যামুয়েলস। স্বপ্নের মতো এক সিরিজ কাটল তাঁর। খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরির পর ঢাকায় ফিরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি। কাল সফরের শেষ ম্যাচেও স্যামুয়েলসই ওয়েস্ট ইন্ডিজ দলের সবচেয়ে আলোকিত ব্যাটসম্যান। অপরাজিত ৮৫ রান করেছেন মাত্র ৪৩ বলে। দুই শর কাছাকাছি রান করে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানো সম্ভব হতো না স্যামুয়েলসের ওই ইনিংসটা না হলে।স্যামুয়েলস সে জন্য ধন্যবাদ দিতে পারেন ভাগ্যকে, সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন বাংলাদেশ দলের উইকেটকিপার মুশফিকুর রহিম ও পেসার রুবেল হোসেনের কাছেও। জিয়ার পর পর দুই ওভারে ব্যক্তিগত ১০ আর ২৩ রানে তাঁর ব্যাট ছুঁয়ে যাওয়া বল গ্লাভসে পুরতে পারেননি মুশফিক। এক ইনিংস তিনবার খেলার সুযোগ পেয়ে স্যামুয়েলস যেন দানবই হয়ে উঠলেন! ইনিংসের শেষ ওভারে সেটা হাড়ে হাড়ে টের পেলেন রুবেল। প্রথম বলে ১ রান নিয়ে স্যামুয়েলসকে স্ট্রাইক দিয়েছিলেন সিমন্স। পরের তিন বলে এক্সট্রা কাভার, মিড উইকেট ও লংঅন দিয়ে পর পর তিন ছক্কা। পরের বলে কাভার দিয়ে চার, শেষ বলে আবারও ছক্কা লংঅন দিয়ে। এক ওভারে ২৯—ম্যাচের ফলাফলই যেন নির্ধারিত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ ওভারে।বাংলাদেশে তিনটি সিরিজই জেতার লক্ষ্য নিয়ে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। সেদিক দিয়ে স্যামি হয়তো নিজেদের অনেকটাই সফল দাবি করবেন। তবে এই সফরে ওয়েস্ট ইন্ডিজও দেখে গেল, বাংলাদেশ এখন আর ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার দল নয়।ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯৭/৪বাংলাদেশ: ২০ ওভারে ১৭৯/১ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৮ রানে জয়ী