শেষ রক্তবিন্দু দিয়ে গুরুদায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি দেশের কল্যাণে জনগণের সঙ্গে কাজ করতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৬৩তম লং কোর্সের সদস্যদের কমিশন প্রদান উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণের সময় তিনি এ আহ্বান জানান।কমিশন পাওয়া সেনা কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব আপনাদের। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই গুরুদায়িত্ব পালনের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।’ খবর বাসসের৬৩তম বিএমএ লং কোর্সে মোট ১২২ জন ক্যাডেট কমিশন লাভ করেছেন। তাঁদের মধ্যে ১১৬ জন পুরুষ ও ছয়জন নারী ক্যাডেট। অনুষ্ঠানে ক্যাডেটরা আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চপাস্টে অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মুহম্মদ আল-আমিন ৬৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন এবং সোর্ড অব অনার লাভ করেন। সামরিক বিভিন্ন বিষয়ে কৃতিত্বের জন্য কোম্পানির সিনিয়র আন্ডার অফিসার এস এম ইয়াসিন নূর সিদ্দিকী সেনাবাহিনী প্রধানের স্বর্ণপদক লাভ করেন।প্রধানমন্ত্রী বলেন, একটি সম্ভাবনাময় ও শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ সারা বিশ্বে খ্যাতি ও সুনাম অর্জন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক সেনা পাঠিয়ে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।নিজেকে সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে নতুন কমিশন পাওয়া ক্যাডেটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের মাঝে আমার ভাইদের মুখচ্ছবি দেখতে পাই। আমার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামাল নিয়মিত বাহিনীর সদস্য হিসেবে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। আমার আরেক ভাই শহীদ লে. শেখ জামাল স্যান্ডহার্টসের রয়েল একাডেমি থেকে কমিশন লাভ করে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। আমার ছোট ভাই শহীদ শেখ রাসেলেরও ইচ্ছে ছিল বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার।’শেখ হাসিনা জানান, তাঁর সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমির নতুন পাঠ্যসূচিতে ‘ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-আইসিটি’ নামের একটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সেনাসদস্যদের আবাসনের সমস্যা সমাধানসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের রেশন ও বেতনকাঠামোতে সমতা এনেছে। এ ছাড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের পারিবারিক অবসর-ভাতা দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ মিলিটারি একাডেমির আধুনিকায়নের জন্য গত বছর বঙ্গবন্ধু কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৩ সালের জুন মাসের মধ্যে এ কমপ্লেক্সটির নির্মাণকাজ সম্পন্ন হবে। প্রায় ২৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ কমপ্লেক্সটির ১০ তলাবিশিষ্ট টুইন টাওয়ারে ক্যাডেটদের ইনডোর প্রশিক্ষণের জন্য সব আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক সিদ্দিকী, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সাংসদ, কূটনীতিক, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশন পাওয়া অফিসারদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. আসহাব উদ্দিন, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডার মেজর জেনারেল আনোয়ার হোসেন এবং বিএমএ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুজ্জামান ভূঁইয়া তাঁকে স্বাগত জানান।