শেষ শয্যায় ব্লগার রাজীব
গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে শেষ শয্যায় শায়িত হলেন ব্লগার আহমেদ রাজীব হায়দার। আজ রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে কাপাসিয়ার সরসপুর গ্রামে রাজীবের দাদি রাবেয়া খাতুনের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।কবরস্থানের পাশে রাজীবের চতুর্থ জানাজা হয়। জানাজা পড়ান রাজীবের চাচা আমজাদ হোসেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে রাজীবের মরদেহ কাপাসিয়া বাসস্ট্যান্ডের কাছে তাঁদের বাড়িতে পৌঁছায়। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বাসায় পৌঁছানোর পর নিহত রাজীবের স্বজনেরা ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়ে।স্থানীয় লোকজন জানান, আজ বেলা পৌনে তিনটার দিকে কাপাসিয়া পাইলট হাইস্কুল মাঠে রাজীবের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর সৈয়দপুর ঈদগাহ স্কুলমাঠে তৃতীয় জানাজা হয়। গত শুক্রবার রাতে ঢাকার মিরপুরে রাজীব খুন হন। গতকাল শনিবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে লাখো মানুষ তাঁর প্রথম জানাজায় শরিক হন।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ জানান, কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে স্মৃতিসৌধ নির্মাণে রাজীবের করা নকশাটি মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। এটি দ্রুত বাস্তবায়ন করা হবে।