শেষ শয্যায় হুমায়ুন ফরীদি
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শেষ শয্যায় শায়িত হলেন মঞ্চ-টিভি-চলচ্চিত্রের শক্তিমান অভিনয়শিল্পী হুমায়ুন ফরীদি। আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটায় তাঁর মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।এর আগে সকালে হুমায়ুন ফরীদির মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।সকাল ১০টার দিকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে নেওয়ার পর তাঁকে অশ্রুসিক্ত নয়নে শেষ ভালোবাসা জানান পরিবারের সদস্য, দীর্ঘদিনের সহকর্মী ও হাজার হাজার ভক্ত।হুমায়ুন ফরীদির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসার পর প্রথমেই রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তাঁর কফিনে ফুল দেওয়ার মাধ্যমে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানো শুরু করেন।মঞ্চ-টিভি-চলচ্চিত্রের শক্তিমান এ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখানে উপস্থিত সবাই হুমায়ুন ফরীদির কফিনে ফুল দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন নাট্যাঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী-সহযোদ্ধারা। এসেছিলেন আতাউর রহমান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শিমূল ইউসুফ, নাসির উদ্দীন ইউসুফ, আফজাল হোসেন, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, জাহিদ হাসান, জয়শ্রীকর জয়া, আনিসুর রহমান মিলন, পার্থ বড়ুয়া, প্রীতম, আজাদ আবুল কালাম, এস এ হক অলীক, আহসানুল হক মিনু, খাইরুল ইসলাম পাখি, জাহিদ হোসেন শোভন, ফারুক আহমেদ, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, তুষার খান, তৌকির আহমেদ, শোয়েব, তৌকির আহমেদ, বিপাশা হায়াত, জয়শ্রীকর জয়া, দীপা খন্দকার, সুমাইয়া শিমু, নাদিয়া, রুনা খান, জ্যোতিকা জ্যোতি, স্বাগতাসহ আরও অনেকে।কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর হুমায়ুন ফরীদির মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে বাদ জোহর জানাজার পর মরদেহ নেওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এরপর বিকেল সোয়া পাঁচটায় সেখানে দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, ১৯৫২ সালের ২৯ মে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন ফরীদি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন তিনি। এ বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চার পুরোধা ব্যক্তিত্ব নাট্যকার সেলিম আল দীনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই ফরীদি ঢাকা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হন। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে বাংলাদেশে একজন মেধাবী ও শক্তিমান নাট্যব্যক্তিত্ব হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। অভিনয়ের অসাধারণত্বে যে আত্মপরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন ফরীদি, তাঁর সেই উচ্চতায় এ দেশের খুব কম মানুষই পৌঁছতে পেরেছেন।হুমায়ুন ফরীদি মঞ্চ নাটক, টিভি ও সিনেমায় অভিনয় করে স্বকীয় বৈশিষ্ট্য নির্মাণে সক্ষম হয়েছিলেন। ফরীদি তাঁর কয়েক দশকের কর্মময় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। ফরীদি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে ‘শ্যামল ছায়া’, ‘জয়যাত্রা’, ‘আহা!’, ‘হুলিয়া’, ‘একাত্তরের যিশু’, ‘দহন’, ‘সন্ত্রাস’, ‘ব্যাচেলর’ প্রভৃতি। উল্লেখযোগ্য টিভি নাটকগুলোর মধ্যে রয়েছে ‘নীল নকশার সন্ধানে’ (১৯৮২), ‘দূরবীন দিয়ে দেখুন’ (১৯৮২), ‘ভাঙনের শব্দ শুনি’ (১৯৮৩), ‘ভবের হাট’ (২০০৭), ‘শৃঙ্খল’ (২০১০) প্রভৃতি। বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ধারাবাহিক ‘সংশপ্তক’ নাটকে ফরীদির অনবদ্য অভিনয়ের কল্যাণে ‘কান কাটা রমজান’ চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।