শেষ শুক্রবারে সকাল-সন্ধ্যা ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো শুক্রবার, তার ওপর মেলার বাকি হাতেগোনা দুই দিন। গতকাল মেলার শেষ শুক্রবারে ভিড় তো ছিলই; যাঁরা মেলায় এসেছিলেন তাঁরাও কেনাকাটা শেষে চট করে ঘরে না ফিরে খানিকটা বেশি সময় মেলায় কাটিয়েছেন। তাই সকাল থেকেই মেলায় বিপুল জনসমাগম ছিল।পুরস্কার বিতরণী: সকালে মূলমঞ্চে ছিল শিশু-কিশোর আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর সচিব আলতাফ হোসেন। অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আবদুল খালেক, হালিমা খাতুন ও লায়লা হাসান। বিজয়ীদের ক্রেস্ট, সনদ ও বাংলা একাডেমী প্রকাশিত এক সেট বই পুরস্কার হিসেবে দেওয়া হয়।জায়গা দেওয়ার সমস্যাটাই বড়: আজ শনিবার বেলা ১১টায় আগামী বছরের মেলার পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা হবে একাডেমীর সেমিনার কক্ষে। গতকাল মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব, একাডেমীর পরিচালক শাহিদা খাতুন বলেন, ‘মেলায় এখন প্রকাশকদের জায়গা করে দেওয়াটাই বড় সমস্যা। মাঠের জায়গা কমে যাওয়ায় স্টল ছোট হয়েছে। অনেক প্রকাশক তাঁদের বই স্টলে ভালোভাবে রাখতে পারেননি। ক্রেতারাও সেভাবে দেখার সুযোগ পাননি। এসব নিয়েই আলোচনা হবে। সবাই যেভাবে মত দেবেন সেসবের ভিত্তিতে আগামী বছর মেলার আয়োজন করা হবে। তবে বাংলা একাডেমীকে কেন্দ্র করেই মেলা করা উচিত বলে আমি মনে করি।’ এই নিয়ে তৃতীয়বারের মতো শাহিদা খাতুন মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করলেন। এবারের মেলা সম্পর্কে তিনি জানান, আগের দুই বছরের চেয়ে এবার অনেক গোছানো ও সুশৃঙ্খল মেলা হয়েছে। তবে এত দীর্ঘ সময় ধরে বড় একটি আয়োজনে কিছু ত্রুটিবিচ্যুতি হয়নি, তা বলা যাবে না। এসব কাটিয়ে ওঠার চেষ্টা ভবিষ্যতে থাকবে বলে তিনি জানান।সামাজিক দায়বদ্ধতা আছে: ‘সৃজনশীল প্রকাশনার ব্যবসাটি কেবল মুনাফা অর্জনের একটি মাধ্যম নয়, ব্যবসা হলেও এই ব্যবসা অন্য ব্যবসার চেয়ে আলাদা। এখানে একটি সামাজিক দায়বদ্ধতা আছে। সে কারণেই শুধু মুনাফার জন্য বই না ছেপে যেসব বই জ্ঞানের প্রসার, চিন্তার বিকাশ ঘটায় তেমন বই বেশি প্রকাশ করা প্রয়োজন। আমরা দেখেছি, ক্রেতারা একটি-দুটি জনপ্রিয় বইয়ের নাম জেনে মেলায় কিনতে এসেছেন, কিন্তু বই দেখতে দেখতে অনেক ভালো বইও তাঁরা কিনেছেন। মননশীল বইয়ের পাঠক অনেকে বেড়েছে।’ বললেন কথা প্রকাশনীর পরিচালক মিজান চৌধুরী। মোড়ক উন্মোচন: গতকাল নজরুলমঞ্চে প্রায় ৩০টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: আগামী থেকে প্রকাশিত সলিমুল্লাহ খানের প্রবন্ধ আহমদ ছফা সঞ্জীবনী, মোড়ক উন্মোচন করেন ১৮৫৭ সালের মহাবিদ্রোহ উদ্যাপন কমিটির সভাপতি নূর মোহাম্মদ; যেহেতু বর্ষা থেকে প্রকাশিত সেলিম রেজা নিউটনের প্রবন্ধ বিদ্রোহের সপ্তস্বর: বিডিআর থেকে বিশ্ববিদ্যালয়, উন্মোচন করেন জসীম মণ্ডল এবং রাসেল আশেকীর কবিতা বুকজুড়ে বাংলাদেশ, উন্মোচন করেন ভাষা-সংগ্রামী আবদুল মতিন ও কবি মহাদেব সাহা।নতুন বই: গতকাল তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়েছে ১৮০টি। এর মধ্যে ছিল: আগামী থেকে ফরহাদ মজহারের প্রবন্ধ প্রস্তাব, সালমা বুক ডিপো থেকে আকমল হোসেন নীপুর গল্প সাদা কাপড়ের শোক; বিভাস থেকে টোকন ঠাকুরের কবিতা তা ভাষায় প্রকাশ করা যায় না; ভাষাচিত্র থেকে সাইফুল্লাহ মাহমুদ দুলালের ছড়া পড়ার বই ছড়ার বই; মীরা প্রকাশন থেকে হেলেনা খানের গল্প কারামুক্তি; দীপ্তি থেকে হায়াত্ মামুদের প্রবন্ধ আহমদ মীর; হাতেখড়ি থেকে হাসান হাফিজের কবিতা আহা আহা ইশ রে; মোস্তফা হোসেইনের মুক্তিযুদ্ধবিষয়ক মুক্তিযুদ্ধে বাংলার কিশোর; রোদেলা থেকে রেজা এলিয়েনের পদার্থ বিজ্ঞান বিষয়ক কণা কোয়ান্টাম; সাহিত্যবিলাস থেকে মঞ্জু সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক রাজাকার পালায়; মুক্তধারা থেকে রামেন্দু মজুমদার সম্পাদিত বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের ইংরেজিতে ভাষান্তর বাংলাদেশ মাই বাংলাদেশ; উত্স থেকে বাউল আবদুর রহমানের গীতিগুচ্ছ ভাটির সুর; ইত্যাদি থেকে মিহির কান্তি চৌধুরীর গবেষণাগ্রন্থ শাহ আবদুল করিম: জীবন ও সাহিত্য, অপূর্ব শর্মা সম্পাদিত বিপ্লবী অসিত ভট্টাচার্য এবং সিলেটে যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র; কথা প্রকাশ থেকে মিজান রহমানের কাব্য মাড়াই ধানের ঘ্রাণ; সাহিত্যপ্রকাশ থেকে এসেছে আমীনুর রশীদ চৌধুরীর আত্মকথা সত্য ও তথ্য। এ ছাড়া পাঠকসমাবেশ থেকে এসেছে রইসউদ্দিন আরিফের গবেষণাগ্রন্থ বাংলাদেশের রাজনীতির ইতিকথা; আকবর কবীরের আত্মকথা স্মৃতি বিস্মৃতির বাংলাদেশ; ফারহানা মান্নানের সুকুমার বৃত্তি; বাড থেকে সাযযাদ কাদিরের সরস গল্প রসরগড় ও শব্দশিল্প থেকে জমজমাট; মিজান থেকে রোকেয়া ইউসুফের কবিতা মা মাটি শেকড়ের কাব্য; ইউপিএল থেকে ড. তৌহিদুল ইসলামের পরিবেশবিষয়ক গ্রন্থ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ: আ ক্লোজার লুক ইনটু টেম্পারেচার অ্যান্ড রেইনফল ডাটা ইত্যাদি।আগামীর বাংলা একাডেমী: মূলমঞ্চে বিকেলে ছিল ‘আগামীর বাংলা একাডেমী’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন কাজী মনজুরে মওলা। আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ ও রেহনুমা আহমেদ। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। কাল (রোববার) মেলা সমাপ্ত। তাই বাংলা একাডেমীর প্রাঙ্গণ গ্রন্থানুরাগীদের সমাবেশে প্রাণবন্তই থাকবে এ দুই দিন।