শেষ শ্রদ্ধার পর শায়িত শিল্পগুরু
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় সিক্ত হলেন ছাপচিত্রের গুরু এবং চারুকলা ইনস্টিটিউটের অন্যতম স্বপ্নদ্রষ্টা শিক্ষক ও শিল্পী সফিউদ্দীন আহমেদ। আজ সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি-চত্বরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের পাশে তাঁকে দাফন করা হয়।শিল্পগুরু সফিউদ্দীন আহমেদকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল আটটায় তাঁর মরদেহ ধানমন্ডির বাসভবনে নেওয়া হয়। সকাল ১০টা পর্যন্ত সেখানে রাখার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। তাঁর মরদেহ দুপুর ১২টা পর্যন্ত শহীদ মিনার চত্বরে রাখা হয়।এরপর শিল্পগুরুর মরদেহ তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান দীর্ঘকালের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।গত শনিবার রাত ১২টা ২০ মিনিটে সফিউদ্দীন আহমেদ ৯০ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত শনিবার তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী আঞ্জুমান আরা আহমেদ, দুই ছেলে সাঈদ আহমেদ, আহমেদ নাজির, মেয়ে সেলিনা আহমেদসহ দেশ-বিদেশে অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।