শেষ সময়ে এসে টাকা খরচের মহোৎসব
১৭৮ কোটি টাকা ব্যয়ের বৃহত্তর কুমিল্লা পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প। মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) না থাকলেও তড়িঘড়ি করে শেষ মুহূর্তে সংশোধিত এডিপিতে নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর প্রকল্পটির জন্য এই অর্থবছর বরাদ্দ রাখা হয়েছে ২৮ কোটি টাকা। মার্চ থেকে জুন—এই চার মাসের মধ্যে দরপত্র আহ্বান ও মূল্যায়ন, ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া, প্রকল্প এলাকায় রাস্তাঘাট নির্মাণসহ সব কাজই করতে হবে। এমনকি কাজের গুণগত মান যাচাই-বাছাই করে ঠিকাদারকে বিলও পরিশোধ করতে হবে। একই অবস্থা জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পটির। তিন বছর মেয়াদি ৯০২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পও শেষ সময়ে সংশোধিত এডিপিতে ঢুকেছে। বরাদ্দ পেয়েছে ৯০ কোটি টাকা। শেষ চার মাসে এই টাকা খরচ করতে হবে।এভাবে অস্বাভাবিক দ্রুততায় কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কর্মদক্ষতা দেখাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। যেভাবেই হোক, অর্থ খরচ করতে পারা মানেই এডিপির বাস্তবায়ন। সরকার থেকেও উৎসাহ দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের অর্থ ব্যয়ের। পরিকল্পনা মন্ত্রণালয় ২০ জুনের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলো কী পরিমাণ অর্থ খরচ করতে পারবে, তা জানাতে গতকাল বুধবার চিঠি দিয়েছে।টাকা খরচের মহোৎসব: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর জন্য এ এক সুবর্ণ সুযোগ। অর্থবছরের প্রথম দিকে তারা অর্থ ব্যয় করতে পারে না। এডিপির বাস্তবায়ন চলে ঢিমেতালে, কিন্তু শেষ দিকে এসে শুরু হয় তাড়াহুড়া; বিশেষ করে, অর্থবছরের শেষ দুই মাস, মে ও জুন মাসে চলে অর্থ ব্যয়ের মহোৎসব।চলতি অর্থবছরের মূল এডিপি ছিল সাড়ে ৩৮ হাজার কোটি টাকা। গত মার্চে এই এডিপি সংশোধন করে ৩৫ হাজার ১৩০ কোটি টাকা করা হয়। গত মে মাসে কিছুটা বাড়িয়ে এডিপি করা হয় ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা। অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ব্যয় হয়েছে ২৫ হাজার ৮৪৯ কোটি টাকা, যা সংশোধিত এডিপির ৭২ শতাংশ। যদিও অর্থবছরের প্রথম ৯ মাসের (জুলাই-মার্চ) জন্য ২৮ হাজার ৮৭৫ কোটি টাকা খরচের অনুমোদন ছিল। সংশোধিত এডিপি এখন পুরো বাস্তবায়ন করতে হলে এই জুন মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে খরচ করতে হবে ১০ হাজার ৩১ কোটি টাকা। এখন চলছে এই অর্থ খরচের পালা। যদিও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) চলতি অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলেছে, অর্থবছরের শেষ দুই মাসের গতানুগতিক ব্যয় উৎসব সত্ত্বেও সংশোধিত এডিপির ৯০ শতাংশের বেশি বাস্তবায়ন সম্ভব না-ও হতে পারে।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, অর্থবছরের প্রথম মাসে, অর্থাৎ জুলাইয়ে ব্যয় হয়েছিল মাত্র ৮৩৬ কোটি টাকা। আগস্ট মাসে ব্যয় হয় এক হাজার ৫৪০ কোটি টাকা। সেপ্টেম্বর মাসে ৯৮৩ কোটি টাকা, অক্টোবর মাসে দুই হাজার ৪২ কোটি টাকা, নভেম্বর মাসে দুই হাজার ৪৫১ কোটি টাকা, ডিসেম্বর মাসে দুই হাজার ৪৪০ কোটি টাকা, জানুয়ারি মাসে দুই হাজার ৩৪৯ কোটি টাকা, ফেব্রুয়ারি মাসে এক হাজার ৫৩৪ কোটি টাকা, মার্চ মাসে তিন হাজার ৩৩৪ কোটি টাকা, এপ্রিল মাসে তিন হাজার ৪০০ কোটি টাকা এবং মে মাসে খরচ করা হয়েছে চার হাজার ৯৪০ কোটি টাকা।নতুন প্রকল্প নিয়ে কৌশল: এবারের সংশোধিত এডিপির আকার কমলেও ২৭০টি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করে বরাদ্দ দেওয়া হয়েছে। দাতাদের সাহায্যপুষ্ট প্রকল্পে অর্থ ছাড়ে নানা ধরনের প্রশাসনিক জটিলতা থাকে। এ ছাড়া সহজে অর্থ ছাড়ের সুযোগ থাকায় নতুন প্রকল্পগুলো সবই সরকারি টাকায় বাস্তবায়িত হচ্ছে।এর মধ্যে পরিবহন খাতে অর্থাৎ রাস্তাঘাট নির্মাণে সবচেয়ে বেশি ৭২টি প্রকল্প রয়েছে, যার বেশির ভাগ এডিপিতে ঢুকেছে তদবিরে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মী-সমর্থকদের পছন্দের প্রকল্প এগুলো। নতুন সব প্রকল্পে বরাদ্দকৃত অর্থও খরচ করতে হবে এই জুন মাসের মধ্যেই। নতুন প্রকল্পগুলোসহ সংশোধিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা এখন এক হাজার ১৮৫।মূল এডিপিতে না থাকলেও সংশোধিত এডিপিতে এভাবে নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করাকে ‘চালাকি’ ও ‘অর্থের অপচয়’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত।বিষয়টি ব্যাখ্যা করে জায়েদ বখত প্রথম আলোকে বলেন, সংশোধিত এডিপিতে নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করায় একধরনের চালাকি রয়েছে, আর সেটি হচ্ছে পরবর্তী অর্থবছরের এডিপিতে নতুন প্রকল্প কম দেখানো। আর নতুন প্রকল্পগুলো মূলত মন্ত্রী-সাংসদদের চাপে রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়। বছরের শেষ দিকে এসে নেওয়া এসব প্রকল্পে তাড়াহুড়া করে অর্থ খরচ করতে গিয়ে কাজের গুণগত মান থাকে না, এটা অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়।শুধু নতুন প্রকল্প নয়, পুরোনো প্রকল্পগুলোতেও অর্থ খরচের হিড়িক পড়েছে। অর্থবছরের শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন) জন্য অনুমোদন পাওয়া অর্থ খরচ করতে হচ্ছে জুন মাসে, অর্থাৎ তিন মাসের টাকা খরচ হচ্ছে এক মাসে।প্রকল্প বাস্তবায়নে প্রথম তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) অর্থ খরচের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বছরের শুরুতেই পরিকল্পনা কমিশন অনুমোদন দিয়ে থাকে। আর সংশোধিত এডিপি চূড়ান্ত হওয়ার পর শেষ প্রান্তিকের অর্থ খরচের অনুমোদন দেওয়া হয়।১১ মাসের এডিপি বাস্তবায়ন পর্যবেক্ষণ করলে দেখা যায় বিদেশি সহায়তা ব্যবহারের করুণ পরিস্থিতি। এ সময়ে বিদেশি সহায়তার মাত্র সাত হাজার ৩২৬ কোটি টাকা খরচ হয়েছে, আর স্থানীয় উৎস থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ের পরিমাণ ১৮ হাজার ৫২২ কোটি টাকা। অর্থ ব্যয়ে ব্যর্থতা: জুলাই-মে সময়কালে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের অনুকূলে বরাদ্দের অর্ধেক টাকাও খরচ করতে পারেনি। এগুলো হলো: সেতু বিভাগ, নৌ মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন ও সংসদবিষয়ক বিভাগ, সংসদ সচিবালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এ ছাড়া এপ্রিল মাস পর্যন্ত ৮৭টি প্রকল্পে কোনো টাকা খরচ করা যায়নি। এসব প্রকল্পে এখনো অর্থ খরচের কোনো খবর পায়নি মূল্যায়ন, পরিবীক্ষণ ও বাস্তবায়ন বিভাগ (আইএমইডি)। আইএমইডির কর্মকর্তারা জানান, প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহ্বান, মূল্যায়ন, কার্যাদেশ প্রদানসহ আনুষঙ্গিক কাজ করতে অর্থবছরের প্রথম ছয়-সাত মাস চলে যায়। বছরের শেষ দিকে এসে মাঠপর্যায়ে কাজ শুরু হয়। বর্ষাকালে ইট তৈরি না হওয়ায় বছরের শুরুতে রাস্তাঘাট, ভবন নির্মাণের মতো কাজ করা যায় না। তাঁরা আরও জানান, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে কোনো কাজ শেষ হলেও প্রকল্পের গুণগত মান যাচাই করতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হয়। ফলে মে-জুন মাসে ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়।৪ জুন প্রকাশিত সিপিডির প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, বছরের শেষ দুই মাসে অর্থ ব্যয় সন্দেহজনক হারে বৃদ্ধি পায়, যা প্রকল্পের গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য। তবে এখন বলা হচ্ছে, প্রকল্পের কাজ অনেক আগে সম্পন্ন হলেও বিল পরিশোধ করা হয় জুন মাসে। তবে বিল পরিশোধের এই কথিত দীর্ঘসূত্রতা ও তড়িঘড়ি ছাড়করণ বরং সম্ভাব্য দুর্নীতিকেই নির্দেশ করে।২০ জুনের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলো সংশোধিত এডিপির কী পরিমাণ অর্থ খরচ করতে পারবে, তা জানাতে বলেছে পরিকল্পনা মন্ত্রণালয়। গতকাল বুধবার পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ থেকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্পগুলোতে উপযোজন, পুনর্নির্ধারণ ও পুনর্বরাদ্দসংক্রান্ত চূড়ান্ত তথ্য জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণত প্রতিবছর ২০ মের মধ্যে এসব তথ্য দিতে হয়, কিন্তু সময় বাড়ানো হয়েছে।গতকাল থেকে শুরু হয়েছে বর্ষাকাল। বর্ষাকাল ও অর্থবছরের শেষ মাস একই সঙ্গে হওয়ায় এডিপির অর্থ খরচের উৎসব করা মন্ত্রণালয় ও বিভাগগুলোর জন্য সহজ ও সুবিধাজনক। এডিপির সবচেয়ে জনপ্রিয় প্রকল্প রাস্তা নির্মাণসহ নানা ধরনের নির্মাণকাজে প্রতি অর্থবছরের এই সময়টাতেই বেশি অর্থ খরচ করা হয়। অপচয়েরও সুযোগ থাকে বেশি। বিভিন্ন মন্ত্রণালয়ে এখন চলছে শেষ সময়ের এই অর্থ খরচের উৎসব।