মহাজোট সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভায় আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন নতুন পাঁচজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। শপথ নেওয়া মন্ত্রীরা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সংসদের বর্তমান হুইপ ও আওয়ামী লীগের নেতা মুজিবুল হক, দিনাজপুর-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এ এইচ মাহমুদ আলী ও যশোর-২ আসনের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রাজশাহীর আওয়ামী লীগের সাংসদ ওমর ফারুক চৌধুরী ও ঝিনাইদহ আওয়ামী লীগের সাংসদ আবদুল হাই।তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্ত্রিসভায় যোগ দেওয়ার প্রস্তাবে রাজি হননি। এদিকে শপথ নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত মন্ত্রী হাসানুল হক ইনু আশা প্রকাশ করে বলেছেন, তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন মন্ত্রিসভায় যোগদানের বিষয়ে অস্বীকৃতির বিষয়টি পুনঃবিবেচনা করবেন। তিনি বলেন, ‘আমরা দেশকে স্থায়ীভাবে প্রতিক্রিয়াশীল স্বাধীনতাবিরোধী শক্তির হাত থেকে রক্ষা করার জন্য মহাজোটে যোগদান করেছি।’রাজনৈতিক বিবেচনায় মন্ত্রিসভায় যোগ দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন উল্লে¬খ করে তিনি আরও বলেন, ‘আমি দেশকে মৌলবাদী শক্তির হাত থেকে মুক্ত এবং বর্তমান সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য কাজ করব।’নবনিযুক্ত মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, নবনিযুক্ত মন্ত্রীদের সরকারের সময়সীমা শেষ করাই একমাত্র চ্যালেঞ্জ হবে না, মন্ত্রী হিসেবে দায়িত্বশীলতাই সর্বোচ্চ গুরুত্ব পাবে। এম মুজিবুল হক বলেন, সরকারের মাত্র এক বছর মেয়াদ রয়েছে, এটা কোনো ব্যাপার নয়, যদি এই সময়ের মধ্যে সম্ভাব্য সফলতা অর্জন করা সম্ভব হয়। তিনি বলেন, ‘ফুটবল খেলায় শেষ সময়ে কিছু বিকল্প খেলোয়াড় মাঠে প্রবেশ করে। সেই খেলোয়াড়েরা শেষ মুহূর্তে গোল করে।’ খবর বাসসের