শেষ সময়ের বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে। দেখে এসেছেন ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিও। সেই অভিজ্ঞতা থেকে লিখেছেন তারেক মাহমুদভিকি এনটোজিনিই ঠিক কাজটি করেছেন। সাদার্ন সান, গার্ডেন কোর্ট কিংবা হলিডে ইনের মতো ব্র্যান্ড হোটেলের ভিড়ে “ভিকি’জ বি এন বি” দারুণ সফল এক নাম। এক রাত থাকার জন্য মাত্র ৪০ ডলার। সঙ্গে সকালের নাশতা ফ্রি। বিশ্বকাপের বাজারে এ তো প্রায় মুফ্ত ব্যবস্থা!বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার হোটেল ব্যবসায় এনটোজিনি প্রবল ব্যতিক্রম। কেপটাউনে তাঁর ছয় বেডরুমের গেস্ট হাউসটিকে বলা হচ্ছে বিশ্বকাপের ক্ষুদ্রতম হোটেল। হোটেল ছোট, দামেও সস্তা—অন্যদের মতো তাই গালে হাত দিয়ে বসে না থেকে বিশ্বকাপের এক মাস আগেই ৩৭ বছর বয়সী এনটোজিনি ঘোষণা করে দিতে পারছেন, ‘বিশ্বকাপের প্রথম দুই সপ্তাহ আমার হোটেল খালি নেই।’দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ যাওয়ার পর প্রাথমিক শঙ্কা ছিল, লাখ লাখ অতিথিকে জায়গা দেওয়ার মতো হোটেলই হয়তো পাওয়া যাবে না সেখানে। অথচ বিশ্বকাপের মাত্র এক মাস বাকি থাকতে উল্টো চিত্রই দেখা যাচ্ছে। শঙ্কার নাম এখন হোটেল-সংকট নয়, বরং হোটেলগুলোতে পড়ে থাকা শূন্য বিছানা।দেশটির হোটেল পরিচালনা কমিটির প্রধান নির্বাহী ব্রেট ডুনগান তবু আশাবাদী, শেষ পর্যন্ত ভরে যাবে সব হোটেল। খালি পড়ে থাকবে না একটি কক্ষও। তার কাছে এটা নাকি ‘শেষ মিনিটের বিশ্বকাপ’! ‘যেকোনো ভাবেই হোক, এটা হবে শেষ মিনিটের বিশ্বকাপ। কী যে হবে, সে ধারণা আসলে আমাদেরও কারও নেই। পরিস্থিতিটা হয়তো সবার জন্যই হতাশাজনক, তবে সবকিছু এখনই শেষ হয়ে যায়নি।’ বিশ্বকাপের টিকিট বিক্রির হিসাব সমর্থন জোগাচ্ছে ডুনগানের আশাবাদকে। মাত্র ১০ শতাংশ টিকিটই নাকি অবিক্রিত এখন।ফুটবলামোদিরা কেন এখনো দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ নিয়ে আগ্রহী হয়ে উঠছে না বলা কঠিন, তবে বছর দেড়েক আগে বাংলাদেশ দলের ক্রিকেট সিরিজ কাভার করতে গিয়ে পাওয়া ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা আর হোটেল ব্যবস্থাপনাকেই সম্ভবত বেশি ভয় মানুষের। বিশ্বকাপের সময় হয়তো সন্ধ্যার পর জোহানেসবার্গ বা ব্লমফন্টেইনের রাস্তায় ভৌতিক নীরবতা নেমে আসবে না, তবে মানুষ হোটেল থেকে বেরিয়ে আবার নিরাপদে হোটেলে ফিরতে পারবে, সেই নিশ্চয়তা দেওয়ার কি কেউ আছে? আয়োজকেরা যতই বলুন, বিশ্বকাপ উপলক্ষে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র থাকবে, তাতে আস্থা রাখা তাই কঠিনই হবে বিশ্বকাপে যাওয়া অতিথিদের।দক্ষিণ আফ্রিকার হোটেল ব্যবস্থাপনা হতে পারে বিশ্বকাপ অতিথিদের আরেকটি বিড়ম্বনার নাম। নামীদামি ডাকসাইটে হোটেলের অভাব নেই দেশটাতে। কিন্তু সেসব হোটেলে সমঝদার হোটেলকর্মীর বড়ই অভাব মনে হয়েছিল বছর দেড়েক আগে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের মাধ্যমে আগে থেকে রুম বুকিং দিয়েও হোটেল রিসেপশনে গিয়ে গলদঘর্ম হওয়াটা নিয়তি হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকদের। জোহানেসবার্গের গার্ডেন কোর্ট মন্টে ক্যাসিনো হোটেলে গিয়ে তো আরও খারাপ অবস্থা হয়েছিল বাংলাদেশ দলের। দল সকালবেলা হোটেলে পৌঁছালেও খেলোয়াড়দের রুম পেতে পেতে বেলা দুটো। সে পর্যন্ত বিমানভ্রমণে ক্লান্ত ক্রিকেটারদের সময় কাটাতে হয়েছিল হোটেল লবিতেই।হোটেলে রুম-টুম পেয়েও যে খুব শান্তিতে থাকা গেছে, তা নয়। রুমে হয়তো আপনার ইন্টারনেট দরকার, সেটার জন্য পকেটের র‌্যান্ড খরচ করে ইন্টারনেট ভাউচারও নিলেন হোটেলের রিসেপশন থেকে। কিন্তু ল্যাপটপে সে পাসওয়ার্ড টুকতেই ভেসে উঠল ‘পাসওয়ার্ড নট ভ্যালিড’ লেখা! কিংবা ভাগ্যগুণে হয়তো পাসওয়ার্ড দিয়ে ঢুকেই পড়লেন ইন্টারনেটে, একটু পরই জানবেন আপনার ভাউচারের মেয়াদ শেষ। পর্যাপ্ত ব্যবহারের আগেই কেন এ রকম মেয়াদোত্তীর্ণের দুঃসংবাদ, সেটির উত্তর না পেয়েই দক্ষিণ আফ্রিকা ছাড়ার সম্ভাবনা প্রবল।রাস্তায় নামলে দুষ্কৃতকারীর ভয় আছে, আগেই বলেছি। আরেকটা ভয় ট্যাক্সি ড্রাইভারদের নিয়ে। বিশ্বকাপ উপলক্ষে নাকি দক্ষিণ আফ্রিকার রাজপথে পাবলিক বাস চলবে, তবে বাংলাদেশ দলের সফরের সময় সেসব ছিল না। জোহানেসবার্গের ট্যাক্সিওয়ালাদের দাপটে কয়েকবার বাস সার্ভিস চালু হয়েও বন্ধ হয়ে গেছে। রবার্টের মতো কোনো ট্যাক্সি ড্রাইভারের পাল্লায় পড়লে এই দাপট আপনিও দেখে আসতে পারবেন। একই দূরত্বের গন্তব্যে যেতেই প্রতিদিন একটু একটু করে কীভাবে ভাড়া বাড়াতে হয়, সেটা কেউ চাইলে রবার্টের কাছে শিখতে পারেন।নিরাপত্তা, হোটেল ব্যবস্থাপনা কিংবা ট্যাক্সিওয়ালাদের দৌরাত্ম্য ছাড়া দক্ষিণ আফ্রিকার আর সবই ভালো। স্টেডিয়ামগুলোর নির্মানকাজ বা সংস্কার সময়মতো হবে কি না তা নিয়ে সংশয় ছিল এই ছয় মাস আগেও । কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েই দেখেছি জোহানেসবার্গ, প্রিটোরিয়া বা ব্লমফন্টেইনে শতশত লোক কাজ করছে স্টেডিয়াম নির্মানে। শুনেছি স্টেডিয়ামগুলোর স্থাপত্যশৈলী দিয়ে অতীতের আয়োজক দেশগুলিকে টেক্কা দিতে চাইছে দক্ষিণ আফ্রিকা। এখন নির্মান বা সংস্কারকাজ সম্পন্ন। ছবিতে যা দেখা যাচ্ছে, তা নয়নাভিরাম। আশা করি বিশ্বকাপ শুরু হয়ে গেলে সারা বিশ্বের কোটি কোটি দর্শক টেলিভিশনেই স্টেডিয়ামগুলোকে দেখে বিমোহিত হবে। তবে বিশ্বকাপ দেখতে যাওয়া অতিথিদের কাছে ফুটবল ছাড়াও অন্য আকর্ষণ থাকবে। জোহানেসবার্গের কাছেই ফ্রিল্যান্স বা অন্য কোনো সাফারি ভ্রমণে গিয়ে দেখে আসতে পারেন আফ্রিকার জঙ্গলের সৌন্দর্য, বন্য জীবজন্তুর অবাধ বিচরণ। আছে কৃত্রিম শহর সানসিটি কিংবা কিম্বার্লির বিগহোল। হীরার খনি খুঁড়তে খুঁড়তে মানুষ ওই গর্তটাকে এতই বিশাল বানিয়ে ফেলেছিল যে এখন পর্যন্ত মনুষ্য-সৃষ্ট সবচেয়ে বড় গর্ত ওটিই। তবে সাবধান, এত বড় গর্ত খুঁড়ে হীরা তোলা হয়েছে বলেই কিন্তু কিম্বার্লিতে হীরা সস্তা নয়। দক্ষিণ আফ্রিকার অন্য শহরের তুলনায় এখানে হীরার দামটা নাকি একটু বেশিই।মূল উদ্দেশ্য বিশ্বকাপ দেখাটা ঠিকঠাক মতো হলেই অবশ্য দেশটা ঘুরেফিরে দেখার সাধ জাগতে পারে মনে। নয়তো গাঁটের পয়সা খরচ করে বিশ্বকাপ দেখা একটা অন্তর্জ্বালার নাম হতে পারে। তার পরও ব্রেট ডুনগানের আশ্বাসে ভরসা রাখতে পারেন। ‘শেষ মিনিটের বিশ্বকাপ’ যদি সত্যিই শেষ পর্যন্ত একটা চমকের নাম হয়ে ওঠে, দক্ষিণ আফ্রিকার বাকি সব ভালো লাগতেই হবে। ভালো লাগার অসংখ্য উপকরণ ছড়িয়ে আছে চারদিকে!