শেষ হলো খুদে শিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলা
তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার শামস শিল্পাঙ্গনের খুদে শিল্পী প্রতিযোগিতা-২০১২ ও দিনব্যাপী হস্তশিল্প মেলা শেষ হয়েছে। সারা দিন শিশু-কিশোরদের পদচারণে মুখরিত ছিল এ অনুষ্ঠান। সকালে শামস শিল্পাঙ্গনের ক্লাব প্রজাপতির সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে খুদে শিল্পী প্রতিযোগিতা ২০১২ ও হস্তশিল্প মেলার সূচনা হয়।প্রতিযোগিতায় ছিল ছড়াগান, দেশাত্মবোধক গান, পঞ্চকবির গান, আবৃত্তি, নৃত্য ও অঙ্কন। সংগীত প্রতিযোগিতায় শিল্পী পঙ্কজ গমেজ, স্বপ্না জ্যাকলিন পিরিচ, আবৃত্তিতে প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আবৃত্তিকর্মী মৌমিতা জান্নাত, নৃত্যে লাকী ডায়না মহন্ত ও রোমিও পেরেরা এবং অঙ্কনে চিত্রশিল্পী স্বপন চারুশি বিচারকের দায়িত্ব পালন করেন। হস্তশিল্প মেলায় ১০টি স্টল ছিল। বিকেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্পী মাহমুদুজ্জামান বাবু ও প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগের মহাব্যবস্থাপক রশিদুর রহমান সবুর উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামস শিল্পাঙ্গনের ব্যবস্থাপনা পরিচালক সুপর্ণা এলিস গমেজ ও নির্বাহী পরিচালক পিউস রোজারিও। সন্ধ্যায় ক্লাব প্রজাপতির সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।