শেষ হলো ছায়ানটের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানটের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনের অনুষ্ঠানের শেষ দিন গতকাল শনিবার সন্ধ্যায় ছিল গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা। এতে দেশের বিশিষ্ট ও নতুন প্রজন্মের শিল্পীরা অংশ নেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানটের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয় সমবেত শিল্পীদের গাওয়া ‘ধনধান্য পুষ্পভরা’ গান দিয়ে। এরপর কবিতা আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এ ছাড়া কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও সুমনা বিশ্বাস। নজরুলসংগীতের শিল্পী সুমন চৌধুরীর গানের মধ্য দিয়ে শুরু হয় একক পরিবেশনা। তিনি পরিবেশন করেন ‘সন্ধ্যা গোধূলী লগনে’। এরপর একে একে সংগীত পরিবেশন করেন শিল্পী ফাহমিদা খাতুন, পাপিয়া সারোয়ার, ইফফাত আরা দেওয়ান, নাদিরা বেগম, শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল, শারমীন সাথী ইসলাম, বিজনচন্দ্র মিস্ত্রী, সেলিনা হোসেন, আজিজুর রহমান, নাসিমা শাহীন প্রমুখ। নৃত্য পরিবেশন করেন শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়।