শেষ হলো জাতীয় গণিত উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে জাতীয় গণিত উত্সব ও নবম গণিত অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বৈতরণীর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল জাতীয় গণিত উত্সব।জাতীয় গণিত উত্সব উপলক্ষ্যে আজ শনিবার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে বসেছিল ৬৯৩ কৃতী শিক্ষার্থীর মিলনমেলা। আর এই উত্সবের বিভিন্ন পর্বে সারা দেশ থেকে সাড়া দিয়েছিল ১৮ হাজার শিক্ষার্থী।ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উত্সবের আয়োজন করে।নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল বাছাই ও দেশের শিক্ষার্থীদের গাণিতিক উত্কর্ষ বৃদ্ধির লক্ষ্যে দেশের ১৩টি শহরে আয়োজন করা হয়েছিল আঞ্চলিক উত্সব। আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের নিয়ে সেন্ট যোসেফে বসে এই জাতীয় উত্সব।জাতীয় উত্সবে বিজয়ী হয়েছে ৭৯ জন শিক্ষার্থী। তাদের মধ্য থেকে ৩২ জনকে নিয়ে শুরু হবে গণিত-ক্যাম্প। এর মধ্যে নির্বাচিত কয়েকজন যাবে আন্তর্জাতিক অলিম্পিয়াডে।গণিত উত্সবে স্বাগত বক্তব্যে গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমাদের কোটি কোটি শিক্ষার্থী। তারা সবাই দেশকে ভালোবাসে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘১০-১৫ বছর পর তোমাদেরই এ দেশের দায়িত্ব নিতে হবে। সব সমস্যার সমাধান করতে হবে। জাতিকে এগিয়ে নিতে হবে।’এ পর্বে জাতীয় উত্সবে বিজয়ী ৭৯ জনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া দেওয়া হয় মেগা ও সেমি মেগা পুরস্কার। সেরাদের সেরা চারজনকে দেওয়া হয় চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস পুরস্কার। দ্বিতীয় সেরা চারজন পেয়েছে বিশেষ পুরস্কার।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুহম্মদ জাফর ইকবাল, আব্দুল কাইয়ুম, সাইফুল হাসান, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসান, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা, গণিত প্রশিক্ষক মাহবুব জামান প্রমুখ।এ বছর ১৩টি ভেন্যুর মধ্যে সেরা ভেন্যু নির্বাচিত হয়েছে ময়মনসিংহ। এ ছাড়া, বিজ্ঞান প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য এ বছরের উত্সবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সকে। গ্যাস অনুসন্ধানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ত্রিমাত্রিক জরিপ সফলভাবে পরিচালনা করায় বাপেক্সকে এ সম্মাননা দেওয়া হয়। কমপিউটার জগতের সৌজন্যে প্রথম আলোর ওয়েবসাইটে (www.prothom-alo.com) জাতীয় উত্সব ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়।