শেষ হলো তিন যুগ পূর্তি অনুষ্ঠান
‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’— মঞ্চে গাওয়া হচ্ছিল রবীন্দ্রনাথের এই গান। শ্রোতারা সবাই মিলে কণ্ঠ মেলাচ্ছিলেন সেই গানের সঙ্গে।গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর নাট্যশালা নাচ, গান ও আবৃত্তিতে হয়ে উঠেছিল শিল্পী আর শ্রোতাদের মিলনমেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তিন যুগ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনও ছিল প্রথম দিনের মতো জমজমাট।শিল্পী রোকাইয়া হাসিনা গেয়ে শোনালেন ‘রোদনভরা এ বসন্ত’সহ আরও একটি গান। গানের ফাঁকে ফাঁকে ছিল আবৃত্তি, দ্বৈত ও দলীয় নৃত্য। দলীয় নৃত্য পরিবেশন করে বেণুকা ললিতকলা কেন্দ্র। ‘আমারে আসিবার কথা কইয়া’ গানটি পরিবেশন করেন শিল্পী বিশ্বজিৎ রায়। সুজিত মোস্তফা গেয়ে শোনান ‘সেই মিঠে সুরে’, মলয় কুমার গাঙ্গুলী শোনান ‘তুই যদি আমার হইতি রে’। এ ছাড়া একক সংগীত করেন শিল্পী শুভ্র দে, খালিদ হোসেন, খায়রুল আনাম প্রমুখ। আবৃত্তি করেন রাজিয়া রোজী ও জহিরুল হক।