শেষ হলো নারীর নিরাপদ আশ্রয় বিশ্ব সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সহিংসতা বন্ধের প্রত্যয় নিয়ে ১ মার্চ শেষ হলো নারীর নিরাপদ আশ্রয়ের জন্য দ্বিতীয় বিশ্ব সম্মেলন। দি ইউএস ন্যাশনাল নেটওয়ার্ক টু অ্যান্ড ডোমেসটিক ভায়োলেন্স (এনএনইডিভি) এবং দ্য গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেনস শেল্টারসের (জিএনডব্লিউএস) আয়োজনে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চার দিনের এ সম্মেলনে ৯৬টি দেশের প্রতিনিধিরা মতবিনিময় করেন।প্রতিনিধিদের আলোচনায় বিভিন্ন দেশে নারীদের অবস্থান, তাঁরা যে ধরনের পারিবারিক ও যৌন নির্যাতনের শিকার হন সেসব কথা উঠে আসে। এ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে নারী পাচার, আশ্রয়স্থলে (শেল্টার হোম) নারীরা কীভাবে থাকেন, কোন দেশে কতটি শেল্টার হোম আছে, সেগুলো কীভাবে আরও উন্নত করা যায় এবং ভিকটিমের মানসিক সেবার বিষয়টি জোরালোভাবে আলোচনা হয়।সম্মেলনের কর্মশালাগুলোর আলোচনায় দেখা যায়, বিশ্বের প্রায় প্রতিটি দেশে সহিংসতার শিকার নারীকে সেবা পাওয়ার জন্য অনেকগুলো ধাপ পেরোতে হয়। দ্বারস্থ হতে হয় নানা প্রতিষ্ঠানের। কিন্তু যেসব প্রতিষ্ঠান একই সঙ্গে নারীকে সব সেবা দেওয়ার ব্যবস্থা নিয়েছে, সেটি তার জন্য সুফল বয়ে এনেছে। নারীর প্রতি সহিংসতার ফলে দেশের স্বাস্থ্য খাত, অর্থনৈতিক খাত, আইন ও বিচারব্যবস্থায় অতিরিক্ত ব্যয় বাড়ে, যা সামগ্রিকভাবে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে।সমাপনী দিনে নারীর মানবাধিকার রক্ষায় কাজ করছেন এমন পুরুষেরা বলেন, নারীর মর্যাদা, সম্পত্তির অধিকার ও সামাজিক মূল্যবোধের পরিবর্তনে পুরুষের ভূমিকা জোরালো হওয়া উচিত। বেশ কয়েকটি দেশ নারীর প্রতি সহিংসতা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখায়।এই সম্মেলনের প্রতি সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ২৮ ফেব্রুয়ারি শুভেচ্ছা বক্তব্য দেন। পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বিশ্বের নারীকে যেকোনো ধরনের নিরাপত্তা ও নিরাপদ আশ্রয়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াসে এশিয়া নেটওয়ার্ক ফর উইমেন্স শেল্টারস গঠন করার জন্য এশিয়া মহাদেশের নারীরা একত্র হন এই সম্মেলনের একটি অংশে। সমাপনী অনুষ্ঠানে নারীর নিরাপদ আশ্রয়ের জন্য তৃতীয় বিশ্ব সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। চার বছর পর নেপালে আয়োজন করা হবে পরবর্তী সম্মেলনের।