শেষ হলো প্রমার আবৃত্তি উৎসব
চট্টগ্রামে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব। আবৃত্তি সংগঠন ‘প্রমা’ তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে এ উৎসবের আয়োজন করে। গতকাল শুক্রবার ছিল উৎসবের সমাপনী দিন। উৎসবে আবৃত্তিবিষয়ক সেমিনার ও আলোচনা সভার পাশাপাশি একক ও বৃন্দ আবৃত্তি এবং নাচ পরিবেশিত হয়। উৎসবে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশের আবৃত্তিশিল্পীরা অংশ নেন। এ ছাড়া দেশের ২০টি আবৃত্তি সংগঠন এতে অংশ নেয়। গতকাল সকালে শোভাযাত্রা বের করেন সংস্কৃতিকর্মীরা।একাডেমীর মুক্তমঞ্চে বিকেল চারটায় শুরু হয় আবৃত্তি অনুষ্ঠান। আবৃত্তি করেন শিমুল মোস্তফা, রণজিৎ রক্ষিত, রাশেদ হাসান, কঙ্কণ দাশ, ফারুক তাহের, শর্মিষ্ঠা বড়ুয়া প্রমুখ। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ ও তারুণ্যের উচ্ছ্বাস। প্রমা আবৃত্তি সংগঠনের শিশু বিভাগের প্রযোজনা ঘুমপাড়ানির গান, পল্লিকবি জসীমউদ্দীনের কাহিনিকাব্য সোজন বাদিয়ার ঘাট ও ঢাকার কণ্ঠশীলনের প্রযোজনা রবীন্দ্রনাথের গান্ধারীর প্রেম পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। গত বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন সৈয়দ হাসান ইমাম। উৎসবে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ।